অক্টোবর মাসে মাদ্রাসায় নারী ও শিশু নির্যাতনের ২৯টি ঘটনার তথ্য পেয়েছে এমএসএফ
দলবদ্ধ ধর্ষণ ও যৌন হয়রানি বেড়েছে, এক মাসে নারী-শিশু নির্যাতনের ঘটনা ৩৫৭
পত্রদূত ডেস্ক: দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতার সামগ্রিক ঘটনা সামান্য বাড়লেও দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানির মতো গুরুতর অপরাধ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা ছিল ৩৫৪টি, যা অক্টোবরে বেড়ে ৩৫৭টিতে দাঁড়িয়েছে।
৩১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬-এর তুলনামূলক চিত্র তুলে ধরে এমএসএফ জানায়, অক্টোবর মাসে ধর্ষণের ঘটনা ৬৯টি থেকে বেড়ে ৭০টি হয়েছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১২টি থেকে বেড়ে ২১টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৭৫ শতাংশ বেশি। একই সময়ে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা ১৬টি থেকে বেড়ে ২৫টি এবং বলাৎকারের ঘটনা ৭টি থেকে বেড়ে ১০টিতে পৌঁছেছে। ধর্ষণ ও হত্যার ঘটনা ১০টি থেকে কমে চারটি এবং ধর্ষণচেষ্টার ঘটনা ৩৬টি থেকে কমে ৩৪টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ধর্ষণের শিকার ৭০ জনের মধ্যে ৫০ জন কন্যাশিশু, ১৮ জন নারী ও দুজন বৃদ্ধা রয়েছেন। তাঁদের মধ্যে চারজন প্রতিবন্ধী কিশোরী ও নারী। ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে গাজীপুরে। এরপর রয়েছে ঢাকা, বগুড়া, সিলেট ও কুমিল্লা। এ মাসে বলাৎকারের শিকার হয়েছে ১০টি ছেলে শিশু।
এ ছাড়া অক্টোবরে শারীরিক নির্যাতনের ঘটনা ৫২টি থেকে বেড়ে ৫৩টি এবং হত্যার ঘটনা ৮০টি থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়িয়েছে। এসব হত্যাকাণ্ডের শিকার ৮৪ জন শিশু, কিশোরী ও নারীর মধ্যে ২০ জন শিশু ও কিশোরী। অন্যদিকে, আত্মহত্যার ঘটনা ৩৫টি থেকে কমে ৩০টি এবং অপহরণ ও নিখোঁজের ঘটনা ২৭টি থেকে কমে ১৪টিতে নেমেছে। নবজাতক উদ্ধারের ঘটনাও নয়টি থেকে কমে ছয়টিতে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া ছয় নবজাতকের পাঁচজন জীবিত এবং একজন মৃত ছিল।
অক্টোবর মাসে মাদ্রাসায় নারী ও শিশু নির্যাতনের ২৯টি ঘটনার তথ্য পেয়েছে এমএসএফ। এর মধ্যে কন্যাশিশুকে ধর্ষণের চারটি, ছেলে শিশুকে বলাৎকারের আটটি, ধর্ষণচেষ্টার চারটি, যৌন নিপীড়ন ও হয়রানির আটটি, শারীরিক নির্যাতনের তিনটি এবং অপহরণ ও নিখোঁজের দুটি ঘটনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্টোবরে ফৌজদারি অপরাধের ছয়টি ঘটনায় বেআইনি সালিশ হয়েছে, যেখানে সেপ্টেম্বরে এ ধরনের ঘটনা ছিল একটি। অক্টোবরে শিশু ধর্ষণের চারটি ঘটনায় ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বেআইনি সালিশের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নওগাঁ ও কুড়িগ্রামে তথাকথিত ‘অনৈতিক’ সম্পর্কের অভিযোগে দুটি বেআইনি সালিশ হয়। কুড়িগ্রামে সালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে সমঝোতার অভিযোগ ওঠার পরদিন নাজমা খাতুন (৪৪) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ধরনের সালিশকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
অনলাইন জুয়ার ক্ষেত্রেও আটক বেড়েছে। সেপ্টেম্বরে এ-সংক্রান্ত ঘটনায় ১৪ জন আটক হলেও অক্টোবরে আটক হয়েছেন ২১ জন, যা ৫০ শতাংশ বেশি। এমএসএফ বলছে, অনলাইন জুয়ার বিস্তার ব্যক্তি ও পরিবারের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও বেকার জনগোষ্ঠীর মধ্যে এ প্রবণতা উদ্বেগজনক।
অন্যদিকে, মাদকসংক্রান্ত ঘটনায় অক্টোবরে নিহতের সংখ্যা সেপ্টেম্বরে তিনজন থেকে বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১২ থেকে কমে চারজন হয়েছে। একই সময়ে মাদকসংক্রান্ত ঘটনায় আটক ব্যক্তির সংখ্যা ৪৭১ থেকে কমে ৭৯ হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগও দুটি থেকে বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে এ মাসে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এমএসএফ বলেছে, মাদকসংক্রান্ত ঘটনায় আটক ব্যক্তির সংখ্যা দিয়ে মাদকাসক্তি ও মাদক অপরাধের সামগ্রিক বিস্তার নিরূপণ করা সম্ভব নয়। তবে নিহত, আহত ও আটকের পরিসংখ্যানে পরিবর্তন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে।
সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতার মোট সংখ্যা প্রায় স্থিতিশীল থাকলেও অপরাধের ধরনে উদ্বেগজনক পরিবর্তন ঘটেছে। দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন, হত্যা ও বেআইনি সালিশের ঘটনা বৃদ্ধি নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। এসব অপরাধ প্রতিরোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ন্যায়সংগত বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে অপরাধী চক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের ওপরও গুরুত্ব দিয়েছে এমএসএফ। সংস্থাটির মতে, অপরাধের মূল কারণ অনুসন্ধান, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং রাষ্ট্র, প্রশাসন, বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ ছাড়া নারী ও শিশুদের নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়।
জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং স্থানীয় মানবাধিকার রক্ষাকর্মীদের মাধ্যমে যাচাই করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এমএসএফ। এতে ২০২৬ সালের ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সংঘটিত ঘটনার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।




