শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।
এদিকে আব্দুর রহমান বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন নেতার দাবি, বাবু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
তাঁদের অভিযোগ, পুরোনো রাজনৈতিক পরিচয় সামনে এনে মামলার দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাবু। তবে এ বিষয়ে আব্দুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সায়েদ সুলতান ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। পেট্রোলসহ আটক আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









