অভিযানের সময় যুবকের মৃত্যু, এমএসএফ-এর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
মাগুরার মহম্মদপুর উপজেলায় বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামের চরপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় লাঠির আঘাতে আকুব্বর মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছে। নিহতের পরিবারের দাবি, অভিযানে আকুব্বর মোল্লাকে আটকের পর মাথায় লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ এপ্রিল সকাল ১০টার দিকে মাগুরার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাদক উদ্ধারে জেলার মহম্মদপুর উপজেলার আকুব্বর নামে যুবকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ডিবির লোক পরিচয় প্রদানকারীদের একজন আকুব্বরের মাথায় লাঠির আঘাত করলে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। পরে এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেন।
নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন দাবি করেন, ”১০-১২ জন লোক হঠাৎ তাদের বাড়িতে প্রবেশ করে নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। তারা ঘরে কিছু না পেয়ে একপর্যায়ে আকুব্বরকে আটক করে প্লাস্টিকের পাইপ, লাঠি দিয়ে বেধড়ক আঘাত করে ঘটনাস্থলে মেরে ফেলে দিয়ে যায়। আমি এই হত্যার বিচার চাই।”
এ অভিযোগ অস্বীকার করে অভিযানে অংশ নেওয়া উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন সংবাদ মাধ্যমকে জানান; নিয়ম অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়। তিনি আরও বলেন, তাকে মারধরের কোন ঘটনা ঘটে নাই।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, গ্রেফতারে সময় ধস্তাধস্তি এবং কিল-ঘুষি দেওয়া হয়েছে। এরপর তিনি মারা গেছেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে আনীত নির্যাতনে মৃত্যুর অভিযোগের বিষয়টি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত যা মানবাধিকারের চরম লংঘন ও অগ্রহণযোগ্য । এমএসএফ এক্ষেত্রে আকুব্বর মোল্লার মৃত্যু যে ভাবেই হোক না কেনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠূ তদন্ত নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে তদন্তে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে । প্রেস বিজ্ঞপ্তি













