সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার বিছট গ্রামের মৃত মোকাম মোল্লার ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি মোল্লা। তিনি সিসি-২৬১/২৫ মামলার আসামি। অপরজন নোয়াকাটি গ্রামের মোমরেজ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭)। তিনি জিআর-১৫১/১৬ (টুঙ্গী) মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই আসামিকে সোমবার দুপুরে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

Ads small one

ইঞ্জিন বিকল রাস পূর্ণিমার বোটসহ ২৯ পুণ্যার্থী উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
ইঞ্জিন বিকল রাস পূর্ণিমার বোটসহ ২৯ পুণ্যার্থী উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি: রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীবাহী একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকলে ২৯ জনকে বোটসহ নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ নভেম্বর রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাংসংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এতে যাত্রীরা বিপাকে পড়েন। পরে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৩ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৩ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২২ ও ২৩ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন বাঁকাল চেকপোস্ট ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, টুথপেস্ট, বডি স্প্রে, ফেসওয়াশ ও মোবাইল ফোনের চার্জার জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল সাতক্ষীরা মেডিকেল ব্রিজ এলাকা থেকে ৭০ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, টুথপেস্ট, বডি স্প্রে ও ফেসওয়াশ জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির দল কলারোয়ার ভাদিয়ালি আমবাগান এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের চার্জার জব্দ করে।

দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে বিজিবি জানায়। চোরাচালান প্রতিরোধ ও দেশীয় শিল্প সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুর্ঘটনায় গুরুতর আহত পত্রিকা এজেন্ট আলাউদ্দিন, মানবিক সহায়তার আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
দুর্ঘটনায় গুরুতর আহত পত্রিকা এজেন্ট আলাউদ্দিন, মানবিক সহায়তার আবেদন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন পত্রিকা বিলি-বণ্টনের সঙ্গে যুক্ত এজেন্ট আলাউদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। এ অবস্থায় তাঁর চিকিৎসা ও পরিবার পরিচালনায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা গেছে, ইজিবাইকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান আলাউদ্দিন। তাঁর হাঁটুর হাড় ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকে শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে তাঁর। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় দীর্ঘদিনের পত্রিকা বিলি-বণ্টনের কাজও বন্ধ হয়ে গেছে।

আলাউদ্দিনের বাড়ি দেবহাটা ঈদগাহ বাজারের পূর্ব পাশে মাঘরী এলাকায়। দীর্ঘদিন ধরে পত্রিকা বিলি-বণ্টনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের পরিশ্রমের উপার্জনেই চলত সংসার। কিন্তু দুর্ঘটনায় আহত হওয়ার পর আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো এবং চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। একজন পরিশ্রমী পত্রিকা এজেন্টের এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আলাউদ্দিনের চিকিৎসা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, পত্রিকা কর্তৃপক্ষ, সাংবাদিক সমাজ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

মানবিক সহায়তা পেলে আলাউদ্দিনের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং পরিবারের দুর্দিন কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে আশাবাদী তাঁর স্বজনেরা। বিপদের দিনে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।