আমার ক্লান্ত চোখ
জাকিয়া রহমান
আমার ক্লান্ত চোখ যখন–
সবুজের সমারোহে খানিকটা বিশ্রাম নিতে চায় ৃ
জীবনানন্দ, তোমার কবিতার শব্দ লহরী তখন মনে এলে
মনের দুগাঙ্গে শীতল স্বচ্ছ জলের ছোঁয়ায়
‘পৃথিবীকে মায়াবীর নদীর পারের দেশ ব’লে মনে হয়’।
দুচোখের সব ক্লান্তি আমার তখন,
নীলাম্বরী মেঘ গাংচিলের সাথে উড়ে উড়ে
ভেসে চলে আর নীলাম্বরীর ছাউনির ঊণ দেখে বিমূঢ়
‘মস্ত বড় ময়দান-দেবদারু পামের নিবিড় মাথা— মাইলের পর মাইল;
দুপুরবেলার জনবিরল গভীর বাতাস
দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়’।
সহসা সম্বিৎ পেয়ে আমার ক্লান্ত চোখ চেয়ে দেখে-
‘শুয়েছে ভোরের রোদ’
‘অলস গাঁয়ের মতো এইখানে’-এরিনের সবুজ মেখলায়।
আর ‘মাঠের ঘাসের গন্ধ বুকে তার—চোখে তার শিশিরের ঘ্রাণ’।
সে সৌরভ নিঃশ্বাসের পাপড়ির গায়ে ছুঁয়ে দিয়ে যায়,
এক আকণ্ঠ প্রাণময়তার আবেগ
আর চোখের ক্লান্তি জীবনের জানালায় উঁকি দিয়ে অনুভব করে
‘বাতাসের বুকে স্মৃহা, উৎসাহ, জীবনের ফেনা’।












