সাতক্ষীরায় সড়ক নিরাপত্তায় বিআরটিএর উদ্যোগ, প্রশিক্ষণ পেলেন ৬৩ চালক
নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাতক্ষীরায় ৬৩ জন পেশাজীবী গাড়িচালককে রিফ্রেশার প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের সচেতন করতে রোড শো, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এতে সহযোগিতা করে।
সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে চালকদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো ও দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক রাজিউজ্জামান ও বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক।
দুপুরে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়। এ সময় লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে নির্ধারিত গতিসীমা মেনে চলা, অপ্রয়োজনে ওভারটেকিং না করা, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক সংকেত অনুসরণ এবং নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় চালক, যাত্রী ও পথচারীÑসবার সচেতনতা জরুরি। প্রশিক্ষণ, আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। তাই এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।






