আশাশুনিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি: ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে হবে খেলোয়াড় নির্বাচন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, নতুন কুঁড়ি স্পোর্টসের আওতায় ফুটবল (বালক ও বালিকা), ক্রিকেট (বালক ও বালিকা), কাবাডি (বালক ও বালিকা), অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন এবং মার্শাল আর্ট (একক) ইভেন্টে খেলোয়াড় নির্বাচন করা হবে। সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিটি খেলার জন্য আলাদা আলাদা বিচারক কমিটি গঠন করা হয়েছে। আগ্রহী খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্র ও শনিবারের মধ্যে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, অধ্যক্ষ মোহিত কুমার, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, দুখীরাম ঢালী ও সাফিউল্লাহ প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রতিভাবান কিশোর-কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









