আশাশুনিতে ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের চারা বিতরণ
আশাশুনি প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে সাতক্ষীরার আশাশুনিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক। ৩ আগস্ট দুপুরে আশাশুনি এডাপটেশন ক্লিনিক প্রাঙ্গণে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতায় ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রয়্যাল ড্যানিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের অপারেশন ম্যানেজার মো. সফিকুর রহমান স্বপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান। এ সময় ব্র্যাকের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কাজী এনামুল হক ও কৃষি খাতের বিশেষজ্ঞ মো. শাহীন হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্র্যাকের এই উদ্যোগ দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩০০ জন সুবিধাভোগীর মাঝে ১০ হাজার চারা বিতরণ করা হচ্ছে।









