মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার

ওপেনএআইয়ের একটি সভাকক্ষে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগে অভিযুক্ত এক সৌদি নাগরিক সৌদি সরকারের সমর্থন পেয়ে এ কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দাখিল করা নথিতে এ দাবি করা হয়।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটিতে কাজ করা আবদুর রহমান আলফোজান সৌদি রাজপরিবারের এক সদস্যের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখতেন। তারা আরও জানান, গ্রেফতারের পর সৌদি সামরিক বাহিনীর এক সদস্য তার স্ত্রী ও ছেলের জন্য সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের অর্থ পরিশোধ করেছেন।

৩৫ বছর বয়সী এই প্রকৌশলীকে পালিয়ে যাওয়ার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সোমবার বিচার শুরুর অপেক্ষায় জামিন নামঞ্জুর করা হয়েছে। বিবিসির মন্তব্যের অনুরোধে সৌদি সরকার সাড়া দেয়নি।

আড়ি পাতার যন্ত্র বসানোর চেষ্টার আগে প্রায় এক বছর ওপেনএআইয়ে কাজ করেছিলেন আলফোজান। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি একটি কনফারেন্স সভাকক্ষে টেলিভিশনের পেছনে লাগানো ও টয়লেট পেপারে ঢাকা ওই যন্ত্রটি খুঁজে পাওয়া যায়। কক্ষটিতে একটি ক্যামেরা বসানো হয়। ৫ অক্টোবর ক্যামেরায় দেখা যায়, আলফোজান কক্ষে ঢুকে টেলিভিশনের পেছনে, যেখানে অডিও রেকর্ডারটি লাগানো ছিল, সেখানে খুঁজে দেখছেন বলে মনে হচ্ছে।

৯ অক্টোবর এফবিআই তাকে গ্রেফতার করে এবং ওপেনএআইয়ের সঙ্গে তার চুক্তি বাতিল করা হয়। আদালতের নথিতে বলা হয়েছে, যন্ত্রটি বসানো হয়েছিল বলে ধারণা করা দিনগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানটির নির্বাহীরা ওই কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তাই অভিযুক্তের আচরণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বিপদ হতে পারে।

নথিতে আরও বলা হয়, গ্রেফতারের তিন দিন পর স্ত্রী ও ছেলেকে নিয়ে সান ফ্রান্সিসকো থেকে রিয়াদের একমুখী ফ্লাইটে ওঠার কথা ছিল আলফোজানের। গ্রেফতারের পর এফবিআই এজেন্টদের সাক্ষাৎকারে আসামির স্ত্রী জানান, তার মার্কিন ভিসার মেয়াদ শেষ হয়ে আসছিল, তাই তিনি ও তার ছেলে স্থায়ীভাবে সৌদি আরবে ফিরে যাচ্ছেন এবং তার স্বামীরও একই ইচ্ছা ছিল বলে নথিতে দাবি করা হয়।

আলফোজান গ্রেফতার হওয়ার পরদিন ১০ অক্টোবর তার স্ত্রী ও ছেলে সান ফ্রান্সিসকো থেকে কাতারের দোহায় যান। তারা একটি একমুখী বিজনেস ক্লাস টিকিটে ভ্রমণ করেন, যা এক সৌদি সামরিক কর্মকর্তা বুকিং দিয়ে অর্থ পরিশোধ করেছিলেন। প্রসিকিউটররা যুক্তি দেন, শেষ পর্যন্ত এ মামলা শেষ পর্যন্ত দেখার জন্য যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রণোদনা আসামির সামান্যই।

সোমবার মার্কিন জেলা বিচারক অ্যালেক্স সে আলফোজানের আইনজীবীদের জামিনের আবেদন নাকচ করে বলেন, আদালতে হাজির না হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য। এফবিআইয়ের তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা হতে পারে।

সূত্র: বিবিসি

Ads small one

ইতিহাস গড়া নারী কাবাডি দল পেলো অর্থপুরস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
ইতিহাস গড়া নারী কাবাডি দল পেলো অর্থপুরস্কার

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতে দেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার খেলোয়াড়দের সংবর্ধনা ও অর্থপুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দলের প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন এক লাখ টাকা করে।

ষষ্ঠ এশিয়ান বিচ গেমসে নারী কাবাডিতে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ। দলের এই অর্জন উদযাপন ও খেলোয়াড়দের উৎসাহিত করতে মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিওএ। সেখানে খেলোয়াড়দের হাতে সম্মাননা ও অর্থপুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল হাওলাদার এবং যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এশিয়ান বিচ গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের মাধ্যমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী কাবাডি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে পদক জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ও রয়েছে নারী কাবাডি দলের।

অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দল হিসেবে সাফল্য আসেনি বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তবে শেষ ম্যাচে ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। সেই পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। শারমিন এগিয়েছেন পাঁচ ধাপ, আর স্বর্ণার উন্নতি ১৬ ধাপের।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন শারমিন। অন্যদিকে ৩২৫ পয়েন্ট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে জায়গা করে নিয়েছেন স্বর্ণা। একই পয়েন্ট নিয়ে তার সঙ্গে এই অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কোয়েনা জোসেফ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৯৩ বলে ৫০ রান করেছেন শারমিন। স্বর্ণার ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৪ রান। তাদের এই ইনিংস দুটি র‍্যাঙ্কিংয়ে উন্নতিতে ভূমিকা রেখেছে। যদিও ম্যাচটিতে আট উইকেটে হেরেছে বাংলাদেশ, আর তাতে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার হতাশাও সঙ্গী হয়েছে।

নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারেরও। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এলিস পেরি। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও তার উন্নতি হয়েছে ১৪ ধাপ। তিনি উঠে এসেছেন ২৫তম স্থানে।

সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে জায়গা করে নিয়েছেন।

মুসলিম শহরে পরিণত হবে প্যারিস: ট্রাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
মুসলিম শহরে পরিণত হবে প্যারিস: ট্রাম্প

ফ্রান্সে চলমান বিক্ষোভ, লুটপাট ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে দেশটির অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের অনিয়ন্ত্রিত অভিবাসন অব্যাহত থাকলে দেশটির সামাজিক পরিস্থিতি চরম ঝুঁকিতে পড়বে উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁকে সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষকে অবাধে প্রবেশ করতে দেওয়া একটি বড় ভুল ছিল। তিনি ফরাসি প্রেসিডেন্টকে আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন বলে দাবি করেন।

এদিকে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেন্ট্রাল প্যারিসসহ ফ্রান্সের বেশ কিছু বড় শহরে রাতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সেন্ট্রাল প্যারিসের স্পর্শকাতর এলাকাগুলোতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাতায়াত এবং অননুমোদিত জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে শ্রমিক সংগঠন ও বিভিন্ন প্রতিবাদী গোষ্ঠীর অংশগ্রহণে ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্সেই, বোর্দো, নিস ও লিঅঁসহ প্রধান শহরগুলোতে আংশিক কারফিউ বলবৎ করা হয়েছে।