আশাশুনিতে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮, বাড়িঘর ভাঙচুর
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে রাস্তার মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে ইউনিয়নের রাউতড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাউতড়া গ্রামের তুহিন মোড়ল ও মুছা মোড়লের পরিবারের মধ্যে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি ভেকু মেশিন দিয়ে ওই পথে মাটি ভরাট করা হয়। আজ সকাল ৯টার দিকে মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন—পশ্চিম খাজরা গ্রামের আতি মোড়ল, আজিম মোড়ল, তুহিন মোড়ল, আবু সালেহ হাওলাদার, মুজাফফর মোড়ল ও নবীরন বিবি। অপর পক্ষের হানিফ মোড়ল ও মিলন মোড়লও গুরুতর আহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের একপর্যায়ে মুছা মোড়লের পক্ষের লোকজন ঘরে আশ্রয় নিলে উত্তেজিত জনতা তাদের বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখান থেকে মুছা মোড়ল, নুরুজ্জামান মোড়ল, হানিফ মোড়ল, আনারুল মোড়ল, মিলন মোড়লসহ আটজনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাবল, দা, কুড়াল ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তুহিন মোড়লের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। অন্যদিকে মুছা মোড়লের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন, “ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”







