আশাশুনিতে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসব উদযাপিত হয়।
উৎসবের সময়সূচি অনুযায়ী, ১ জুন সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভাগবত আলোচনা ও শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ২ ও ৩ জুন (মঙ্গলবার ও বুধবার) দুই দিনব্যাপী অখ- তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সমাপনী দিন ৪ জুন বৃহস্পতিবার কুঞ্জলীলা স্মরণ, নগরকীর্তন, ভোগরাত ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
এবারের যজ্ঞানুষ্ঠানে নামামৃত পরিবেশন করে দেশের নামী-দামি কীর্তনীয়া দল। এর মধ্যে ছিল চট্টগ্রামের গোঠের রাখাল সম্প্রদায়, মানিকগঞ্জের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়, কুমিল্লার বেদবাণী সম্প্রদায়, খুলনার ভুবন মোহিনী সম্প্রদায় ও রানী রাসমণি সম্প্রদায়, বাগেরহাটের বন্ধু সুন্দর সম্প্রদায় এবং সাতক্ষীরার জগন্নাথ সম্প্রদায়।
গোকুলানন্দ সেবাশ্রমের প্রভুপাদ স্বপন কৃষ্ণ গোস্বামী অনুষ্ঠানে পৌরহিত্য করেন এবং তত্ত্ব ব্যাখ্যা করেন ভাগবত সম্রাট শ্রী বিল্বমঙ্গল দেবনাথ দাসজী। বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের যুব কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উৎসব কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয় এবং সাধারণ সম্পাদক অজয় পাইন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।









