নিভে গেল এক আদর্শের প্রদীপ শিক্ষাগুরু মাওলানা বশির আহমদ আজিজী
এসএম শহীদুল ইসলাম: সাতক্ষীরার বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও নৈতিকতার পথপ্রদর্শক মাওলানা বশির আহমদ আজিজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি-জোড়দিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, ভক্ত, মুরিদান ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা বশির আহমদ আজিজী ছিলেন হযরতুল আল্লামা শাহ জাদ্দাল হুসাইন ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী আজিজী (রহ.)-এর সুযোগ্য সন্তান এবং হুজুর গাউসুল আজম হযরত শাহ আব্দুল আজীজ খুলনবী (রহ.)-এর ঘনিষ্ঠ ও সম্মানিত খাদেম। খানকায়ে খাইরিয়া আজিজিয়ার একজন বর্ষীয়ান আলেম হিসেবে তিনি দীর্ঘদিন ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, সততা, শৃঙ্খলা, বিনয় ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। তাঁর কাছে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ মানুষ গড়ে তোলা। স্নিগ্ধ আচরণ, প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও শিক্ষার্থীদের প্রতি পিতৃসুলভ স্নেহ তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।
পারিবারিক ও খানকা সূত্রে জানা গেছে, রোববার জোহরের নামাজের পর খানকায়ে খাইরিয়া আজিজিয়া দরবার শরীফে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
একজন আদর্শ শিক্ষকের প্রকৃত পরিচয় তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও গড়ে তোলা মানুষের মধ্যে। মাওলানা বশির আহমদ আজিজী চলে গেলেও তাঁর শিক্ষা ও নৈতিক আদর্শ বহু শিক্ষার্থীর জীবন ও চেতনায় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গোবরদাড়ি-জোড়দিয়া হাইস্কুল পরিবার, ভক্ত-মুরিদান ও অসংখ্য গুণগ্রাহী গভীর শোক প্রকাশ করেছেন।









