আশাশুনি-বুধহাটা সড়কে গবাদিপশুর অবাধ বিচরণ, দুর্ঘটনার শঙ্কা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি-বুধহাটা ব্যস্ততম সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে চাপড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় গরু ও ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, সড়কের দুই পাশে প্রচুর ঘাস জন্মানোয় আশপাশের গ্রামের গবাদিপশু সেখানে চলে আসে। প্রতিদিন এ এলাকায় প্রায় ২০-২৫টি গরু ও ৫০টির বেশি ভেড়ার বিচরণ দেখা যায়।
গবাদিপশু হঠাৎ সড়ক পারাপার হওয়ায় যানবাহনের চালকদের গতি কমাতে বা দিক পরিবর্তন করতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, অতীতেও গবাদিপশুর কারণে এ সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি পশুর অবাধ বিচরণে সড়কের পাশে রোপণ করা গাছের চারাও নষ্ট হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সরেজমিনে সড়কের বিভিন্ন স্থানে গরু-ভেড়ার বিচরণ এবং সড়ক পারাপারের দৃশ্য দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে শিগগিরই চিঠি দেওয়া হবে।






