আশাশুনি সরকারি কলেজে শিক্ষক ছহিল উদ্দীনের বিদায় সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. ছহিল উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই সভার আয়োজন করা হয়। কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে ও অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ছহিল উদ্দীনের দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা ও সততার প্রশংসা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আলহাজ মো. রুহুল আমিন এবং সাবেক উপাধ্যক্ষ মো. আব্দুস সবুর। এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল মন্ডল, সুবোধ চক্রবর্তী, গাজী আ. কুদ্দুছসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।









