এমপি গাজী নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা: আইনি পদক্ষেপের দাবি
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকা-ের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেড় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
পৌর সদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করেন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গাজী নজরুল ইসলামকে শ্যামনগরের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন। বক্তারা অভিযোগ করেন, চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রকাশ্যে ধরা পড়ে বিয়ের নাটক সাজানো হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ, যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম ও আমজাদুল ইসলাম, মহিলা দলের সভাপতি নূরজাহান পারভীন প্রমুখ। অনতিবিলম্বে এ সংসদ সদস্যের পদ বাতিলসহ তাকে গ্রেফতারের দাবি জানান বক্তারা।








