এমপি গাজী নজরুল বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া, সাধারণ মানুষের স্বস্তি
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করার পর শ্যামনগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। দলটির এই সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দাদের একাংশ ইতিবাচকভাবে দেখছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন।
বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে।
শ্যামনগরের বাসিন্দাদের একটি অংশ জানান, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা দলটির জবাবদিহিতার পরিচয় দেয়। কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে হতে পারেন না।
অন্যদিকে স্থানীয় কিছু বাসিন্দা মনে করেন, অভিযোগের সব দিক যথাযথ আইনি প্রক্রিয়ায় যাচাই হওয়াও প্রয়োজন। চূড়ান্ত সিদ্ধান্ত আইন ও সংবিধান অনুযায়ী হওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।
উল্লেখযোগ্য যে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি গেজেট বা আনুষ্ঠানিক আদেশ প্রকাশিত হয়নি।






