এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড় শতক। বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।
বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রবিউল হাসান আনিক ৪৮ বলে ৪৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শুরুতে ধাক্কা সামলে তাদের ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। ডানহাতি এই পেসার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার।
মালয়েশিয়ার হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।
তাফিউলের সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে দিতে সহায়তা করেন তিনি।






