সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে মিরপুর ১২ এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া পোস্তগোলা গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পল্লবী থানা পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যায় ফার্মগেট বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ads small one

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড় শতক। বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রবিউল হাসান আনিক ৪৮ বলে ৪৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শুরুতে ধাক্কা সামলে তাদের ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। ডানহাতি এই পেসার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।

তাফিউলের সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে দিতে সহায়তা করেন তিনি।

 

আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

জন্মভূমি হাইতির টানে আর্জেন্টিনার জার্সি ছেড়ে দিলেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন কিকি রামোস। কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার বদলে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতেই এই সিদ্ধান্ত ১৭ বছর বয়সী উইঙ্গারের।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম রামোসের। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর ছোটবেলাতেই তিনি আর্জেন্টিনায় চলে যান। দেশটির একটি পরিবার তাকে দত্তক নেয়। বুয়েনস এইরেসে বেড়ে ওঠা রামোস ফুটবলের হাতেখড়ি পান ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে।

প্রতিভাবান এই উইঙ্গার এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন। তবে এবার তিনি হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ফেডারেশন লিখেছে, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অ-প্রিন্সে তার জন্ম। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ খেলোয়াড় হাইতিকে বেছে নিয়েছেন। ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি!’

গতি, শারীরিক শক্তি ও আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত রামোসকে হাইতির সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ভেলেজ সার্সফিল্ডের সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তিও করেছেন তিনি। তবে এখনো ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয়নি তার।

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে হাইতির প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

যুব পর্যায়ে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেললেও হাইতির হয়ে জাতীয় দলে খেলার পথে বাধা নেই রামোসের। কারণ, প্রীতি ম্যাচে কোনো খেলোয়াড়ের অংশগ্রহণ তাকে স্থায়ীভাবে একটি জাতীয় দলের সঙ্গে আবদ্ধ করে না। ফলে সিনিয়র পর্যায়েও হাইতির প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকছে তার।

২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান।

এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের পাঠানো নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।

মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কতমৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেন। তবে কোনও পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

ব্যবসায়িক সাম্রাজ্যে কেন এমন সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।