বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এসএসসি-এইচএসসি জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
এসএসসি-এইচএসসি জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়ার সরকারি পরিকল্পনার বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে অধিকাংশ অংশীজন ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দেন।

বিশেষ করে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রস্তাবে পরীক্ষার্থীরা তীব্র আপত্তি জানান। শিক্ষক ও অভিভাবকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, হঠাৎ করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে আয়োজনের পক্ষে মত দেন। একই সঙ্গে তারা বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে সময় সমন্বয় করে পরীক্ষা ডিসেম্বরে আনা যেতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অধিকাংশের অভিমত ছিল, এক বছরেই চার মাস সময় কমানোর পরিবর্তে প্রতি বছর এক মাস করে এগিয়ে আনলে শিক্ষার্থীরা নতুন সময়সূচির সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবে।

বৈঠকে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা জানান, অংশীজনদের কাছ থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষে বেশি মতামত পাওয়া গেছে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় ও সময় সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে মতামত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৭ সালেই ডিসেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, নাকি ২০২৮ সাল পর্যন্ত সময় নিয়ে সমন্বয় করা হবে, সেসব বিষয়ও আলোচনায় এসেছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ ও ক্ষতি না হওয়ার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Ads small one

তালায় পূর্ব শত্রুতার জেরে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
তালায় পূর্ব শত্রুতার জেরে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলার সুভাষিনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মা ও মেয়েকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সুভাষিনী গ্রামের মৃত মকিম মোড়লের ছেলে মশিউর রহমান জানান, প্রতিবেশী আজিবার রহমান ও হাবিবুর রহমানের সঙ্গে তাঁর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের জেরে গত ১৮ অক্টোবর বিকেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়।

এ সময় স্ত্রী রেহেনা বেগম ও দুই কন্যা বাধা দিতে গেলে হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং শিশুদের মারধর করে।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মশিউর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আশাশুনিতে ইটের রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
আশাশুনিতে ইটের রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের দ্বিতীয় কিস্তির বরাদ্দকৃত অর্থে এই কাজ বাস্তবায়ন করা হয়। বিল নাটানা হেরিং বন্ড রাস্তা হতে নাটানা কৃষ্ণ মন্দিরগামী ৮০০ ফুট রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য তপন সরকার কাজটি করান। তবে কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।

স্থানীয় বাসিন্দা মহাদেব মণ্ডল, শিল্পী মণ্ডল, শিক্ষক কনক চন্দ্র মণ্ডলসহ এলাকাবাসী জানান, কাজের সময় রাস্তার সব পুরনো ইট না তুলে এবং নামমাত্র বালি ও সীমিত পরিমাণ ইট ব্যবহার করে কাজ শেষ করা হয়েছে। স্লোবের কাজও মানসম্মতভাবে করা হয়নি, যা দ্রুত ধসে পড়ার উপক্রম হয়েছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য তপন সরকার দাবি করেন, কাজটি তিনি করেননি, চেয়ারম্যান করিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তালা থানায় নতুন ওসি আব্দুল আলিমের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
তালা থানায় নতুন ওসি আব্দুল আলিমের যোগদান

নিজস্ব প্রতিনিধি: তালা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক আব্দুল আলিম। ২২ অক্টোবর তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মাগুরায় কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর যোগদান উপলক্ষে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ২০১৬ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এই কর্মকর্তা এর আগে ফরিদপুরের ভাঙ্গা, যশোরের শার্শা ও অভয়নগর এবং সাতক্ষীরার দেবহাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তালা থানায় যোগদানের পর তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নতুন ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।