কপিলমুনিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে খুলনার কপিলমুনিতে বিশেষ মহড়া দিয়েছে পাইকগাছা থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীরের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাসানুজ্জামানসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
মহড়ার একপর্যায়ে কপিলমুনি ধান্য চত্বরে স্থানীয় জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন ওসি শেখ আব্দুল আউয়াল কবীর। তিনি বলেন, অপরাধীরা দেশের শত্রু। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করবেন, এটাই পুলিশের প্রত্যাশা। থানা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে।
এ সময় বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।








