তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ব্রিজ মোড়ের মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) মন্দির কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।
অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।
এ সময় মন্দিরের ক্যাশিয়ার তুলশি সাধুসহ জগন্নাথ সাধু, বরুণ সাধু, বাপন সাধু, নারায়ণ সাধু, স্বপন সাধু, অরবিন্দ সাধু, কার্তিক সাধু ও অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী ব্রত উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দিরে ভাগবত আলোচনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।











