মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

কপিলমুনিতে ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ অভিযান, সড়ক নকশা পরিবর্তনের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
কপিলমুনিতে ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ অভিযান, সড়ক নকশা পরিবর্তনের অভিযোগ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনিতে প্রধান সড়ক সরলীকরণের নামে প্রাথমিক নকশা পরিবর্তন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ পরিশোধ না করেই উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কপিলমুনি বাজারের অধিগ্রহণকৃত জমির স্থাপনার ক্ষতিপূরণ না দিয়ে তৃতীয় দফায় এই উচ্ছেদ অভিযান শুরু করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসা সংলগ্ন বেশ কিছু দোকানপাট ও বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের মূল্যবান আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার ন্যূনতম সময়টুকুও দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, উচ্ছেদ হওয়া স্থাপনা ও প্রায় তিন শতক জমির বর্তমান বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। কিন্তু সওজ কর্তৃপক্ষ নিজস্ব মূল্যায়নে তা পৌনে তিন কোটি টাকা নির্ধারণ করলেও এখন পর্যন্ত সেই টাকা পরিশোধ করেনি। তিনি আরও অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা প্রকৌশলী তানিমুল ইসলামের কাছে মালামাল সরানোর সময় চাওয়া হলেও তিনি তা না দিয়ে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এর আগে স্থানীয়দের তীব্র প্রতিরোধের কারণে সওজের এই অভিযান ছয় মাস বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মূল নকশা পরিবর্তন করে সড়ক সোজা করতে গিয়ে নতুন করে দুটি বিপজ্জনক বাঁক তৈরি করা হয়েছে। এতে স্থানীয় হাসপাতাল ও মাদ্রাসার সামনের অংশটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এর আগে গত বছরের ৬ ও ৭ ডিসেম্বর মাদ্রাসার একটি ভবন ভাঙতে গেলে সওজ কর্মকর্তারা বাধার মুখে পড়েন এবং অভিযান স্থগিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের গণশুনানিতেও স্থানীয়রা মূল নকশা বজায় রাখার দাবি জানান। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদও মূল নকশা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘ বিরতির পর আবারও উচ্ছেদ শুরু হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

Ads small one

বাইপাসের কালভার্ট ভরাট করে দোকান নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
বাইপাসের কালভার্ট ভরাট করে দোকান নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কা

মাছুম বিল্লাহ: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর চার রাস্তার মোড়সংলগ্ন বাইপাস সড়কের একটি কালভার্ট ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে ওই এলাকার দক্ষিণ পাশে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
ইতোমধ্যে লাবসা ইউনিয়নের ১৬টি কালভার্ট বন্ধ করে অপরিকল্পিতভাবে মৎস্যঘের নির্মাণের ফলে চরম কৃত্রিম জলাবদ্ধতায় ভুগছেন এলাকাবাসী।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মথুরাপুর সংলগ্ন বাইপাস সড়কের পাশ দিয়ে পানি চলাচলের একমাত্র কালভার্টটির মুখে মাটি, বালি ও নানা ধরনের নির্মাণসামগ্রী ফেলা হয়েছে। এভাবে পানি চলাচলের পথ রুদ্ধ হয়ে পড়লে বাইপাস সড়কের দক্ষিণ পাশের বিস্তীর্ণ এলাকায় পানি আটকে মানুষের যাতায়াত, বসতবাড়ি ও কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, নির্দিষ্ট স্থানটির তথ্য ও ছবি হোয়াটসঅ্যাপে পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিতর্ক ও রচনা উভয় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল দলকে পরাজিত করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের মায়িশা মুমতাজ। অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়রা রহমান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কলারোয়া মডেল হাইস্কুলের তানভীর রহমান ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের আনিকা নাওয়াব। কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়, খুলনা আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৌরভ দেবনাথ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। মডারেটর ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।সমাপানী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা ও সাইদুজ্জামান লাভলু, শিক্ষক আব্দুল আলিম, মাওলানা কামাল হোসেন প্রমুখ।

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলা, ১৭বিজিবির সুবেদার ফরিদুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদেশ মল্লিক, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, নাসরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং ও অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ গ্রহণ, যানজটে ভোগান্তি নিরসনে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করে পশু জবাই, ভারত থেকে অবৈধপথে মাদক আসা বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জাতীয় পর্যায়ে সেরা দৌঁড়বিদের পুরস্কার বিজয়ী শিক্ষার্থী জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে একই স্থানে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।