কয়রায় জলবায়ু ধর্মঘট: নবায়নযোগ্য জ্বালানির দাবিতে তরুণদের মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি: জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে খুলনার কয়রায় ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাটকাটা গ্রাম সংলগ্ন নদী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে এই কর্মসূচি পালন করেন স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীরা।
‘ইয়ুথ ল্যাব’ ও ‘ইয়ুথ ফর সুন্দরবন কয়রা’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। তাদের দাবির মূল বিষয় ছিল জলবায়ু সুবিচার নিশ্চিত করা এবং সৌর ও বায়ু শক্তির মতো পরিবেশবান্ধব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা।
ইয়ুথ ল্যাবের প্রতিনিধি রাসেল আহাম্মেদ ও ইয়ুথ ফর সুন্দরবনের নিরাপদ মুন্ডা বলেন, “জলবায়ু সুবিচার উপকূলবাসীর অধিকার। জীবাশ্ম জ্বালানির কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে।” কর্মসূচিতে অন্যদের মধ্যে সুব্রত মুন্ডা, মনিরুল ইসলাম, সবুজ ও সঞ্জয় বাইন বক্তব্য দেন। তারা অবিলম্বে বাংলাদেশে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।












