রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, পরে বনে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, পরে বনে অবমুক্ত

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি টহল ফাঁড়ির আওতাধীন বাগদি খালি ভারানি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় হরিণটিকে ফাঁদে আটকা অবস্থায় দেখতে পান। পরে সেটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর বনে অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার ও অবৈধ ফাঁদ অপসারণে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পেতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আদালতে মামলায় জামিন পেয়ে বের হওয়ার পর এক ব্যক্তিকে আদালতের ফটক থেকে অপহরণ করে মারধর, নগদ টাকা ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মামলার বাদী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরা জজ আদালতের পকেট গেটের সামনে নজরুল ইসলামের হোটেলসংলগ্ন এলাকা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. অহিদুজ্জামান। তিনি যশোরের কেশবপুর উপজেলার মীর্জাপুর গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে।

অহিদুজ্জামানের দাবি, তিনি ২০০৭ সাল থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। সেখানে ব্যবসায়িক সূত্রে ২০১৭ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হয়। জাহাঙ্গীরের কাছ থেকে কেনা পণ্য ত্রুটিপূর্ণ হওয়ায় টাকা পরিশোধ বন্ধ করলে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। এ নিয়ে বিরোধের জেরে অহিদুজ্জামানকে জেল খেটে দেশে ফিরতে হয় বলে তিনি জানান। পরবর্তীতে হুমকি-ধমকির অভিযোগে ২০১৮ সালের ১৮ জানুয়ারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অহিদুজ্জামান জানান, মালয়েশিয়া-সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলম তার স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করেন এবং সাড়ে ৯ লাখ টাকা পাওনা দাবি করে গত বছরের ৪ অক্টোবর সাতক্ষীরার আমলী-৪ আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটি সিআর-৩৮১/২৫ (কলারোয়া) নম্বরে নথিভুক্ত হয়। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে আদালত অহিদুজ্জামানকে ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

অন্যদিকে, স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরির অভিযোগে অহিদুজ্জামান গত ২২ নভেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাল্টা প্রতারণার মামলা করেন। ওই মামলাটিও তদন্তের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

অহিদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৫০০ টাকা বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। শুনানির সময় তিনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে ধরেন। এ সময় বিচারক উভয় পক্ষকে পরবর্তী ধার্য তারিখে নিজ নিজ পাসপোর্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।

জামিন শেষে আইনজীবীর সহকারী মো. সবুজ হোসেনকে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির পেছনের ভবনের পকেট গেট দিয়ে বের হয়ে নজরুল ইসলামের হোটেলের সামনে পৌঁছালে জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ অহিদুজ্জামানের। পরে তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে সার্কিট হাউস মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গলিতে নিয়ে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং নগদ পাঁচ হাজার টাকা ও একটি সোনার আংটি নিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ সময় তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর অহিদুজ্জামান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিণ্টুকে বিষয়টি জানান। তাঁর নির্দেশনা অনুযায়ী বিচারককেও তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় বলে অহিদুজ্জামান জানান। স্বাক্ষর জালিয়াতির মামলা থেকে রেহাই পেতে তাকে অপহরণ করে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সার্কিট হাউস মোড়ের শিহাব হোসেন নামে এক ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলম সেখানে নতুন বাড়ি নির্মাণ করেছেন এবং কলারোয়ার যুগিখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলম কিছু টাকার বিনিময়ে তাকে ও এলাকার কয়েকজনকে আদালতের গেটে নিয়ে যান। অভিযোগের সত্যতা বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে আসেন। তবে অহিদুজ্জামানের টাকা ও আংটি কে নিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু বলেন, আদালতে বিচার চেয়ে মামলা করার পর আদালতের ফটক থেকে বাদীর বিরুদ্ধে আসামিকে অপহরণ, মারধর ও টাকা-আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গুরুতর। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটছে বলে তাঁদের কাছে খবর আসে। এ বিষয়ে আইনজীবী সমিতিকে কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে রোববার দুপুরে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এবং খুলনায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের ২০২৭ সালের লাইসেন্স নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে নবায়ন করতে হবে। নবায়নের জন্য মূল লাইসেন্স, ট্রেজারি চালানের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা জমা দিতে হবে। পাশাপাশি পূর্ববর্তী বছরের গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিল করা জিডির কপি দিতে হবে। নির্ধারিত কাগজপত্র ও তথ্য অসম্পূর্ণ থাকলে লাইসেন্স নবায়ন করা হবে না।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীদের পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, ৬ ডিসেম্বর বটিয়াঘাটা ও দাকোপ, ৭ ডিসেম্বর ডুমুরিয়া ও ফুলতলা, ৮ ডিসেম্বর রূপসা ও তেরখাদা, ৯ ডিসেম্বর খুলনা সদর ও লবণচরা, ১০ ডিসেম্বর সোনাডাঙ্গা ও খালিশপুর, ১৩ ডিসেম্বর দৌলতপুর ও খানজাহান আলী এবং ১৪ ডিসেম্বর আড়ংঘাটা ও হরিণটানা থানা এলাকার লাইসেন্সধারীদের নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২০ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার লাইসেন্সধারীরা নবায়ন করতে পারবেন। নির্ধারিত তারিখে নবায়ন করতে না পারা ব্যক্তিরা এবং খুলনায় বসবাসরত অন্য জেলা থেকে লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার ২২০ নম্বর কক্ষে নবায়নের সুযোগ পাবেন।

সব ক্ষেত্রে নবায়ন কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তথ্যবিবরণী

 

তালায় সিএসও সভা অনুষ্ঠিত, নাগরিক সমাজের সমন্বয় ও সুশাসনে গুরুত্বারোপ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
তালায় সিএসও সভা অনুষ্ঠিত, নাগরিক সমাজের সমন্বয় ও সুশাসনে গুরুত্বারোপ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কবি জসীমউদ্দিন নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ সুশীল প্রকল্পের সহযোগিতায় সিএসও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় মদনপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী নার্গিস নাহার।

সভায় বক্তব্য দেন সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যাপক খায়রুল ইসলাম, মদনপুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অঞ্জন দে, উপদেষ্টা আজাদ মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মোড়ল, ডা. মুতাহার হোসেন ও যুগের যাত্রী সংস্থার পরিচালক মো. ইমদাদুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী মুহাম্মদ ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার সদস্য আবদুল্লাহ সরদার।

সভায় বক্তারা নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, নারী উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা এসব ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।