কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা
বিশেষ প্রতিনিধি: জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক তথ্য ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ) এ কর্মশালার আয়োজন করে।
‘সাতক্ষীরা জেলায় যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু-সহনশীল কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি ও কিশোরীরা অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ইয়াকুব আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১২টি বিদ্যালয়ে ইতোমধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে কিশোরীরা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে তথ্য ও পরামর্শ পাচ্ছে। পাশাপাশি পরিবার কল্যাণ পরিদর্শিকারা প্রতি মাসে এক দিন কেন্দ্রগুলো পরিদর্শন করে কিশোরীদের কাউন্সেলিং সেবা দিচ্ছেন।
কিশোরীরা যেন ভবিষ্যতেও নিয়মিত ও সহজে এসব সেবা পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা জোরদার করাই কর্মশালার মূল উদ্দেশ্য। অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই সেভের অন্যতম লক্ষ্য বলে আয়োজকরা জানান।








