১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
কালিগঞ্জ সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযুক্ত মো. রাকিবুল ইসলাম (২৫) উপজেলার মৌতলা গ্রামের মো. সুলতান মাহমুদের ছেলে। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহিউসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতেন। এতে অসম্মতি জানালে প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর ফজরের নামাজের সময় অন্য শিক্ষার্থীরা চলে গেলে শিক্ষক শিশুটিকে একা আটকে রেখে একই ধরনের অনৈতিক কাজে বাধ্য করেন। পরে শিশুটি বিষয়টি সহপাঠীদের জানায়। ২০ নভেম্বর বিকেলে ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক দ্রুত প্রতিষ্ঠান ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।
শিশুটির বাবা জানান, ছেলের কাছ থেকে ঘটনা জানার পর তিনি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে তাঁর দাবি। পরে অন্য শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন, এর আগেও একাধিক শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে এবং সেগুলোও গোপন রাখা হয়েছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদ্রাসার প্রধান হাফেজ মো. ইউনুছ আলী বলেন, শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে তিনি মর্মাহত। ঘটনার নিন্দা জানিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রেজা বলেন, বিষয়টি জানার পর কমিটির সদস্যরা বৈঠক করেছেন এবং সিসিটিভি ফুটেজ দেখেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












