কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা প্রদান
পত্রদূত ডেস্ক: জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও নানামুখী পরিবেশগত সংকট মোকাবিলা করে কৃষি, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা এবং সামাজিক নেতৃত্বে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের ২৫ গ্রামীণ নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
“গ্রামীণ নারীর উত্থান, সহনশীল ভবিষ্যৎ নির্মাণ” প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং উপকূলীয় অঞ্চলের কৃষি, বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদনির্ভর জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সক্রিয় সংগঠন গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
গ্রিন কোয়ালিশন সাতক্ষীরা জেলার সভাপতি আবু আফফান রোজবাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি, গ্রিন কোয়ালিশনের উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, অধ্যাপক শাহানা হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আজম মনির, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম ও উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক প্রমুখ।
আলোচকরা বলেন, সম্মাননাপ্রাপ্ত ২৫ নারী উপকূলীয় অঞ্চলের স্থানীয় বীজ সংগ্রহ ও সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষা, এগ্রোইকোলজি চর্চা, জৈব ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রতিকূল জলবায়ু ও সীমিত সম্পদের মধ্যেও তাঁদের নিরলস প্রচেষ্টা উপকূলীয় জনপদের টিকে থাকা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে গ্রামীণ নারীদের সঞ্চিত অভিজ্ঞতা, প্রথাগত কৃষিজ্ঞান ও প্রকৃতিনির্ভর জীবনচর্চাকে তুলে ধরতে দিনব্যাপী বৈচিত্র্যময় প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থানীয় বীজ, অচাষকৃত শাকসবজি, পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তি এবং নারীদের তৈরি কুটির ও হস্তশিল্প প্রদর্শিত হয়।
সম্মাননাপ্রাপ্ত কৃষাণী মিতা রানী, সরমা রানী, পারুল রানী বৈদ্য, শেফালী বেগম ও দেলোয়ারা বেগম প্রতিক্রিয়ায় জানান, এই সম্মাননা উপকূলের নারীদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এবং তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে গ্রিন কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু বাংলাদেশ টেলিভিশনের উচ্চমান শিল্পীর সম্মাননা লাভ করায় তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।









