কেশবপুরে বিএনপি নেতার ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার হাসানপুরে বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। একই রাতে ওই অফিসের ঘর মালিক ও হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুর আলম পলাশের বাড়ির সামনেও বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাহবুব মল্লিক বলেন, ঘটনার দিন রাতে অফিস বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে ঘর মালিকের ফোনে বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। ১৯ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।
হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বলেন, বিস্ফোরণের স্থানটি ইউনিয়ন বিএনপির কার্যালয় নয়; এটি মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিস, যেখানে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। এ ধরনের ঘটনা উদ্বেগজনক।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









