কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ বাড়াতে ৩ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, কর্মসূচির আওতায় ৩ হাজার ২০০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৩০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় পাঁচ জাতের সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলনের আশা করা হচ্ছে। এ প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।









