গাবুরায় দুর্যোগ মোকাবিলায় উদ্ধার সরঞ্জাম বিতরণ
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় অঞ্চল গাবুরায় দুর্যোগের আগাম সতর্কতা ও উদ্ধার অভিযান জোরদার করতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও দুর্যোগ কমিটির মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’ গাবুরার ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং উদ্ধারকারী দলের জন্য মোট ১৪ সেট আধুনিক সরঞ্জাম বিতরণ করা হয়। এর মধ্যে হ্যান্ড মাইক, লাইফ জ্যাকেট, গামবুট, হেলমেট, রেইনকোট, টর্চলাইট, দড়ি, করাত ও কোদালসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড রিনিউ-এর অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন স্নিগ্ধা রায়, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার স্বাগতা চিসিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালী এবং ইউপি সদস্য ইমাম হাসান ও মঞ্জুর হোসেন। বক্তারা এই সরঞ্জামগুলোর সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে দুর্যোগের সময়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়।












