সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গোল্ডেন বলের লড়াইয়ে শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে এমবাপ্পে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
গোল্ডেন বলের লড়াইয়ে শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: ফুটবলের ইতিহাসে প্রায় দুই দশক ধরে চলা মেসি-রোনালদো আধিপত্যের অবসান ঘটিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অর দৌড় এখন সম্পূর্ণ উন্মুক্ত ও অনিশ্চিত হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম গোলডটকমের প্রকাশিত ২০ জনের পাওয়ার র‍্যাঙ্কিংয়ে আটবারের জয়ী লিওনেল মেসি জায়গা পেলেও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এবার তালিকায় নেই।
বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। মৌসুমে ৫৪ গোল করে তিনি তালিকার শীর্ষে অবস্থান করছেন। তার ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার বর্তমান গোল সংখ্যা ৪৫।

বিশেষজ্ঞদের মতে, এবারের ব্যালন ডি’অর নির্ধারণে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ এবং আফ্রিকা কাপ অব নেশনসের পারফরম্যান্স বড় ভূমিকা রাখবে। গত বছর উসমান দেম্বেলে এই পুরস্কার জিতলেও এবারের লড়াইয়ে একাধিক তারকা সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বায়ার্ন মিউনিখের নতুন সেনসেশন মাইকেল ওলিস ১৭ গোল ও ৩১ অ্যাসিস্ট নিয়ে তালিকার ওপরের দিকে উঠে এসেছেন। অন্যদিকে, বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ২২ গোল ও ১৮ অ্যাসিস্ট করলেও বড় ম্যাচে ধারাবাহিকতার অভাবে কিছুটা পিছিয়ে পড়েছেন। বায়ার্নের আরেক তারকা লুইস দিয়াজও ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট নিয়ে আলোচনায় আছেন।

ফুটবল বিশ্লেষকদের মতে, এবারের ব্যালন ডি’অর রেস একটি দীর্ঘ ম্যারাথনের মতো। মৌসুমের মাঝামাঝি হ্যারি কেইন এগিয়ে থাকলেও বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের শেষভাগের পারফরম্যান্স পুরো চিত্র বদলে দিতে পারে। দীর্ঘ এক দশকের মধ্যে এবারের লড়াইকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Ads small one

আড়াই বছর পর মঞ্চে ফিরছে প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
আড়াই বছর পর মঞ্চে ফিরছে প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’

দীর্ঘ প্রায় আড়াই বছর পর নতুন ভাবনা ও উপস্থাপনায় মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোরের জনপ্রিয় নাটক ‘অভিনেতা’। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনন্ত হিরার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোরের হয়ে এটি তাঁর ষষ্ঠ নির্দেশনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও সবুক্তগীন শুভ। নির্দেশনার পাশাপাশি পোশাক পরিকল্পনাও করেছেন নূনা আফরোজ।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সংগীতে নীল কামরুল, পোস্টার নকশায় চারু পিন্টু, নৃত্য পরিচালনায় প্রকৃতি শিকদার এবং রূপসজ্জায় মোহাম্মদ আলী বাবুল।

‘অভিনেতা’ নাটকে একজন শিল্পী ও শিল্পযোদ্ধার জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। কুসংস্কার, ধর্মান্ধতা, দুর্নীতি, অমানবিকতা ও সামাজিক অনাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদই নাটকটির মূল উপজীব্য। নাটকের শিল্পী শুধু বিনোদনকর্মী নন, বরং বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে আজীবন লড়াই করা এক প্রতিবাদী সত্তা। প্রেসবিজ্ঞপ্তি

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, যুবদল নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, যুবদল নেতা বহিষ্কার

ন্যাশনাল ডেস্ক: ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে, গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেন রুবেল চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় সিদ্ধান্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মনিরামপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
মনিরামপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তাঁর দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির বাবা ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর ছেলে আব্দুর রহমান। তাঁদের বাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামের মানিকগঞ্জ এলাকায়।

স্থানীয় পশুচিকিৎসক বিল্লাহ হোসেন জানান, ছেলেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে যশোর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটানোর সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।