সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

একইসঙ্গে বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এখন থেকে এ জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা ও পড়াশোনার জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের সময় ও প্রশাসনিক জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ

বাংলাদেশ ব্যাংকের আগের নিয়ম অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিতে পারতেন। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল বোর্ড অথবা সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ এবং বিদেশের হাসপাতালের সম্ভাব্য চিকিৎসা ব্যয়ের হিসাব জমা দিতে হতো।

তবে চিকিৎসার খরচ ১৫ হাজার ডলারের বেশি হলে অতিরিক্ত অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো। নতুন সার্কুলারে এই সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। ফলে এখন থেকে চিকিৎসার প্রয়োজনে একজন ব্যক্তি আগাম কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পাঠাতে বা নিতে পারবেন।

বিশেষ করে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, আগের তুলনায় দ্বিগুণ অর্থ পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য অপেক্ষা করার প্রয়োজন কমবে। এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা সার্কুলারে বিদেশে চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত অর্থ নেওয়ার সুযোগ ছিল।

বিদেশে স্কুলের খরচ পাঠাতে সহজ হলো

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগে এ ধরনের অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠাতে আর বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

এতে বিদেশে সন্তানদের পড়াশোনার খরচ পাঠাতে অভিভাবকদের প্রক্রিয়াগত জটিলতা ও সময়ের অপেক্ষা কমবে।

দূরশিক্ষণ কোর্সের ফি পাঠানোতেও অনুমোদন লাগবে না

বিদেশে করেসপনডেন্স বা দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত নিয়মিত অ্যাকাডেমিক কোর্সের জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম সহজ করা হয়েছে। এখন থেকে এ ধরনের কোর্সের ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই শেষে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

আরএফসিডি হিসাবে অর্থ জমায় নতুন শর্ত

বিদেশ থেকে দেশে ফেরার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এ হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখতে হলে দেশে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে সঙ্গে আনা অর্থের পরিমাণ ঘোষণা করতে হবে।

আগের নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে আনা অর্থের পাশাপাশি ঘোষণা ছাড়া নগদে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলারও আরএফসিডি হিসাবে জমা রাখার সুযোগ ছিল। নতুন সার্কুলারে ঘোষণা ছাড়া আনা অর্থ জমা রাখার বিষয়ে আগের সুযোগের উল্লেখ নেই।

সব মিলিয়ে চিকিৎসা, শিক্ষা ও বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হলেও দেশে ফেরার সময় সঙ্গে আনা অর্থ ব্যাংকে জমার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে।

Ads small one

শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা

একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে লিলির কয়েকটি বিজ্ঞাপন দিয়ে ভীষণ জনপ্রিয়তা পান এ গ্ল্যামারকন্যা।

বর্তমানে নাটক-বিজ্ঞাপনে কোথাও নেই তিনি। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোনালিসা।

প্রায় ১০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন বলে জানান তিনি। কী করছেন সেখানে জানতে চাইলে মোনালিসা বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে টম ফোর্ড বিউটির ম্যানেজার হিসেবে কাজ করছি। এছাড়া এখানকার একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে আছি।’

বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়ার মোনালিসা প্রথম অভিনয় করেন ‘কাগজের ফুল’ নাটকে। নাটকটি পরিচালনা করেন অরুণ চৌধুরী। এতে নায়ক ছিলেন মাহফুজ আহমেদ।

 

সেই সময়ের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে মোনালিসা বলেন, ‘প্রচণ্ড জনপ্রিয়তা পাওয়ার পর বাসার ঠিকানায় শত শত চিঠি আসতো। চিঠি আমার তেমন একটা পড়া হতো না। বেশিরভাগ চিঠিতে প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো। ভক্তরা বাসার ঠিকানায় শাড়ি উপহার পাঠাতেন। ফুলও পাঠাতেন। কখনো জন্মদিনে, আবার কখনো এমনিতেই এসব উপহার পাঠাতেন।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় বের হলেই অনেকেই বলতেন, ‘ওই যে মোনালিসা যাচ্ছে।’’

চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা

সিনেমার বাইরে টিভি নাটকেও অভিনয় করছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত তিনি। সাম্প্রতিক কয়েকটি নাটকে ঝগড়াটে চরিত্রে দেখা গেছে তাকে। দর্শকের কাছ থেকে এ নাটকগুলোর জন্য বেশ প্রশংসা পেয়েছেন নায়িকা।

তবে এবার তিনি জানালেন, চিকিৎসকের পরামর্শে ঝগড়াটে চরিত্র আর করছেন না। কেন এমন সিদ্ধান্ত সেটিও স্পষ্ট করলেন অভিনেত্রী।

নীলাঞ্জনা নীলা বলেন, আমার অনেক রকম সমস্যা হচ্ছে। গলায় সমস্যা, অনেক দিন ধরে ঠিকমতো কথা বলতে পারছিলাম না। বেশির ভাগ সময় অসুস্থ থাকছি। কারণ, ঝগড়ার অভিনয় করতে গেলে অনেক শক্তি প্রয়োজন হয়। মানসিকভাবেও অনেক চাপ যায়। এসব কারণে চিকিৎসক আমাকে একটু মানা করেছেন।

তিনি আরও বলেন, এখন আমি পরিচালকদের একটু বলে দিচ্ছি যে এই ঝগড়াটে নাটকটা আমি এখন কম করতে চাই। তবে সব একেবারে বাদ দিচ্ছি না। যেসব চরিত্র আমার খুব ভালো লাগছে, সেগুলো ঠিকই করছি। একটু বেছে বেছে কাজ করছি এবং পরিচিত ছক থেকে বের হওয়ার চেষ্টা করছি।

দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!

ড্র হয়েছে ম্যাচ, কিন্তু ব্যাট হাতে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছে তারা। সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ৫০৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে আফগানিস্তান তোলে ৫১৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে জিম্বাবুয়ে। ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতেই টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে দলটি।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের হয়ে ব্রেন্ডন টেলর করেন ১৩১ রান। অধিনায়ক ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ১২৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান ক্রেইগ আরভিন। অপরাজিত ২০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাতে টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন আরভিন। ওয়েসলি মাধেভেরে করেন ১০০ রান।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও জিম্বাবুয়ের ব্যাটিং নৈপুণ্য স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। দুই ইনিংসেই ৫০০ রান পেরিয়ে নতুন রেকর্ড গড়ার ম্যাচে অসাধারণ অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন টেলর।