জমি নিয়ে বিরোধ: অপপ্রচারের প্রতিবাদে তালা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: তালায় জমি লেনদেন নিয়ে বিরোধের জেরে নিজের ও পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার (৪ মে) সন্ধ্যায় তালা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ৩৭ নম্বর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ কুমার দত্ত।
সংবাদ সম্মেলনে তিনি প্রতিবেশী কার্তিক চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রী দিপালী রানী বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণা, চুক্তিভঙ্গ ও মানহানির অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক পরেশ কুমার দত্ত জানান, ২০২২ সালে প্রতিবেশী কার্তিক চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ৭ শতাংশ ভিটা জমি কেনার জন্য মৌখিক চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী, কার্তিকের স্ত্রী দিপালী রানী বিশ্বাসের নামে একটি চেকের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়। টাকা নেওয়ার পর দিপালী রানী জমি রেজিস্ট্রি করে না দিয়ে আত্মগোপন করেন। পরে ফিরে এসে জমি দিতে অস্বীকার করেন এবং টাকাও ফেরত দেননি।
টাকা ফেরত না পেয়ে পরেশ কুমার দত্ত সোনালী ব্যাংক তালা শাখার মাধ্যমে চেক ডিজঅনারের মামলা করেন। তিনি দাবি করেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত তাঁর পক্ষে রায় ঘোষণা করেন। ওই চেকে বিবাদীর স্বাক্ষর রয়েছে বলে আদালত নিশ্চিত করেছেন। তবে রায়ের পর থেকে দিপালী রানী বিশ্বাস পলাতক রয়েছেন। সংবাদ সম্মেলনে শিক্ষক পরেশ কুমার দত্ত তাঁর ও তাঁর পরিবারের সম্মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।









