মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জেলা পরিষদ প্রশাসক হাবিবকে বীর মুক্তিযোদ্ধা ও গণঅধিকারের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
জেলা পরিষদ প্রশাসক হাবিবকে বীর মুক্তিযোদ্ধা ও গণঅধিকারের ফুলেল শুভেচ্ছা

 

তালা ডাকবাংলো ও কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি: আকাশে মেঘ আর রোদ্দুরের খেলা, বাতাসে গ্রীষ্মের তীব্রতা পেরিয়ে এক পশলা বৃষ্টির স্নিগ্ধ আবেশ। প্রকৃতির এই পালাবদলের মাঝেই সাতক্ষীরা জেলা পরিষদে শুরু হলো এক নতুন অধ্যায়। জীবনের বসন্ত পেরিয়ে আসা একঝাঁক বীর সন্তান রবিবার শুভেচ্ছা জানিয়েছেন এক নতুন সারথিকে।
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। রবিবার (৭ জুন) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে ছিল এক অন্যরকম আবহাওয়া। এটি ছিল প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিবের প্রথম কর্মদিবস। নতুন দায়িত্ব গ্রহণের এই বিশেষ ক্ষণটিকে রাঙিয়ে তুলতে বীর মুক্তিযোদ্ধারা তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক কমান্ডার স ম শহিদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যখন ফুল হাতে কক্ষে প্রবেশ করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাজনীতির আঙিনায় দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আসা হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। তাঁদের খোঁজখবর নেন গভীর মমতায়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা জিললুল করিম, সাতক্ষীরা সদর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যা, আশাশুনি উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাতক্ষীরা পৌর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. নজির আহমেদ, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সাতক্ষীরা সিকান্দার একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না প্রমুখ। নতুন প্রশাসককে অভিনন্দন জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ তাঁর আগামী দিনের পথচলার সফলতা কামনা করেন।
জেলা ইউনিটের আহ্বায়ক কমান্ডার স ম শহিদুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “একটি নতুন ঋতু যেমন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি আমরা আশা করি হাবিবুল ইসলাম হাবিবের এই নতুন দায়িত্ব গ্রহণ সাতক্ষীরা জেলা পরিষদে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাঁর যোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি এই জেলাকে আরও সমৃদ্ধ করবেন। আমরা তাঁর পূর্ণাঙ্গ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।”
সবুজ পাতার বুকে নতুন কুঁড়ির মতো, একরাশ প্রত্যাশা আর শুভকামনা মাথায় নিয়ে শুরু হলো প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নতুন কর্মযজ্ঞ। বীর মুক্তিযোদ্ধাদের এই আন্তরিক অভিবাদন তাঁর আগামী দিনের দায়িত্ব পালনে এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে-বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া ফুলেল শুভেচছার জবাবে এমনটাই মন্তব্য করেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার সকালে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হাসানুর রহমান (হাসান), গণমাধ্যম ও মিডিয়া বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবুব রহমান, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, পেশাজীবী অধিকার পরিষদের সদস্য ও সাংবাদিক মুজাহিদুর রহমান রাজু, যুব অধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তালায় জেলা পরিষদের সম্পত্তি পরিদর্শন
জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা সদর ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেটসহ জেলা পরিষদের বিভিন্ন সম্পত্তি পরিদর্শন করেছেন। রোববার বিকেলে পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক সদর ডাকবাংলো, জেলা পরিষদ মার্কেট এবং জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পদের বর্তমান অবস্থা, ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের হিসাব, দখল পরিস্থিতি, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সম্পত্তির হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স. ম ইয়াছিন উল্লাহ, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, জেলা পরিষদ প্রশাসকের সহোদর আব্দুস সালাম মধু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান সাগর ও তালা সদর ডাকবাংলোর তত্ত্বাবধায়ক মো. আবু জাফরসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুল পরিদর্শন
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুল আকস্মিক পরিদর্শন করেন নব নিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রোববার সকালে এই আগমন উপলক্ষে শিক্ষকবৃন্দ জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে স্কুলের সার্বিক অবস্থার খোঁজ নেন। সেইসাথে মানসম্মত শিক্ষা বিস্তারে শিক্ষকদের আরও নিষ্ঠার সাথে পাঠদানের আহবান জানান। তিনি স্কুলের অবকাঠামোসহ সবধরনের উন্নয়ন কাজে পাশে থাকার ইচ্ছের কথা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের এসএমসি সভাপতি ও উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, শাহ আলম, আব্দুল্লাহ আল মামুন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, ইমদাদুল হক, স্বপন কুমার দে, কেএম আনিছুর রহমান প্রমুখ।

 

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।