বেনাপোল বন্দরে টানা দুই দিন পর আমদানি শুরু, ক্ষতি ৩০ কোটি টাকা
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল কাস্টমসের নতুন নিয়ম ও ‘কারপাস’ জটিলতায় গেটপাস বন্ধ থাকায় টানা দুই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ছিল। এতে অন্তত ৩০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে বন্দর-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমঝোতার পর সোমবার সকাল থেকে পুনরায় আমদানি শুরু হওয়ায় বন্দরে জমে থাকা পণ্য খালাস ও যানজট কমতে শুরু করেছে।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে পণ্য আমদানির সময় প্রবেশমুখে ট্রাক গ্রহণ ও গেটপাস ইস্যুতে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মীরা কাজ করতেন। সম্প্রতি বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় গত শনিবার থেকে নতুন নিয়ম চালু করে বেনাপোল কাস্টমস। নতুন নিয়মে কর্মীদের ছবিসহ আইডি কার্ড ব্যবহার এবং স্ব-স্ব সিঅ্যান্ডএফ এজেন্টকে পণ্য গ্রহণের দায়বদ্ধতা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এই নিয়ম ও ভারতীয় ট্রাকে কোনো অনাকাঙ্ক্ষিত পণ্যের দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়ে সিঅ্যান্ডএফ কর্মীরা শনিবার থেকে গেটপাস ইস্যু বন্ধ রাখেন। এতে বন্দরে কাঁচামালসহ বহু পণ্যবাহী ট্রাক আটকে পড়ে ক্ষতির মুখে পড়েন আমদানিকারকেরা।
রোববার বিকেলে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কাস্টমসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আপাতত আগের নিয়মে তিন দিন কাজ চালানো এবং পরবর্তীতে নতুন নিয়মে কাজ করার বিষয়ে সমঝোতা হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমসবিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, দেশের অন্যান্য বন্দরের নিয়ম ও ব্যবস্থার সঙ্গে মিল রেখে কাজ করতে তাঁদের কোনো দ্বিমত নেই।
বেনাপোল আমদানিকারক-রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি মহসিন মিলন বলেন, টানা দুই দিন বন্ধ থাকায় কাস্টমস প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরাও ডেমারেজসহ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে অন্য বন্দরের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম চাল রাখার দাবি জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সমঝোতার পর গতকাল বিকেল থেকে আমদানি স্বাভাবিক হতে শুরু করে এবং আজ সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলছে। গত দুই দিনে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক যাতায়াত করেছে। ক্ষতি পুষিয়ে নিতে রাত-দিন কাজ চলমান থাকবে।





