শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন: বদলে যাওয়া বিশ্বে যোগাযোগের শক্তিশালী মাধ্যম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
টেলিভিশন: বদলে যাওয়া বিশ্বে যোগাযোগের শক্তিশালী মাধ্যম

শ্যামল শীল

প্রতি বছর ২১ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব টেলিভিশন দিবস। তথ্য, শিক্ষা, বিনোদন, জনসচেতনতা ও আন্তর্জাতিক যোগাযোগে টেলিভিশনের ভূমিকা স্মরণ করিয়ে দেওয়াই এ দিবসের মূল উদ্দেশ্য। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার সত্ত্বেও টেলিভিশন এখনো মানুষের কাছে বিশ্বকে জানার, ঘটনা বোঝার এবং নানা বিষয়ে ধারণা গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

১৯৯৬ সালের ২১ ও ২২ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ব যোগাযোগব্যবস্থায় টেলিভিশনের ক্রমবর্ধমান প্রভাব, গণমাধ্যমের দায়িত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।

টেলিভিশন আবিষ্কার ও সম্প্রচারব্যবস্থার বিকাশ মানুষের যোগাযোগের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। বিশ্বের এক প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তেই অন্য প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, সংঘাত, শান্তি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ, আলোচনা, তথ্যচিত্র ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান শুধু তথ্য সরবরাহ করে না, বরং বিভিন্ন বিষয়ে মানুষের ভাবনা ও উপলব্ধিকে প্রসারিত করে।

শিক্ষা ও জ্ঞান বিস্তারেও টেলিভিশনের অবদান উল্লেখযোগ্য। বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান, কৃষি পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, শিশুদের শিক্ষামূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক সম্প্রচার মানুষের জ্ঞান অর্জনের সুযোগ বাড়ায়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পৌঁছে দিতে টেলিভিশন দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করছে। কৃষি উৎপাদন, মৎস্যচাষ, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রচারিত অনুষ্ঠান অনেক ক্ষেত্রে মানুষের জীবনযাত্রা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বাংলাদেশের গণযোগাযোগ ও জনসচেতনতা তৈরিতেও টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, খেলাধুলা এবং জনস্বার্থমূলক তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশীয় সংস্কৃতি, সামাজিক সমস্যা, দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি দুর্যোগের সময় সতর্কবার্তা এবং জরুরি নির্দেশনা প্রচারের মাধ্যমে টেলিভিশন জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়ের সঙ্গে টেলিভিশনের প্রযুক্তি ও দর্শক অভ্যাসেও পরিবর্তন এসেছে। একসময় নির্দিষ্ট সময়ে প্রচারিত অনুষ্ঠান দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হতো। এখন অনলাইন সম্প্রচার, ভিডিও স্ট্রিমিং ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে মানুষ নিজের পছন্দ ও সুবিধামতো সংবাদ কিংবা অনুষ্ঠান দেখতে পারছে। এই পরিবর্তন টেলিভিশনের প্রচলিত সম্প্রচারব্যবস্থাকে নতুন প্রতিযোগিতার মুখে ফেলেছে। একই সঙ্গে টেলিভিশন প্রতিষ্ঠানগুলোও ডিজিটাল মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়িয়ে দর্শকের কাছে পৌঁছানোর নতুন পথ তৈরি করছে।

তবে প্রযুক্তির বিস্তার তথ্যপ্রাপ্তিকে সহজ করলেও তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দ্রুত সংবাদ প্রচারের প্রতিযোগিতায় ভুল তথ্য, অসম্পূর্ণ সংবাদ কিংবা বিভ্রান্তিকর উপস্থাপনা মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। এ কারণে টেলিভিশনের ক্ষেত্রে তথ্য যাচাই, নিরপেক্ষতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শকের আস্থা অর্জনই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।

বিশ্ব টেলিভিশন দিবস তাই শুধু একটি প্রযুক্তির গুরুত্ব স্মরণ করার উপলক্ষ নয়; এটি গণমাধ্যমের দায়িত্ব, তথ্যের শক্তি, আন্তর্জাতিক যোগাযোগ ও মানবিক মূল্যবোধের কথাও মনে করিয়ে দেয়। টেলিভিশন যদি সত্য, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জনস্বার্থের ভিত্তিতে সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করে, তবে তা সচেতন নাগরিক গঠন, সামাজিক সম্প্রীতি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

টেলিভিশন শুধু বিনোদনের পর্দা নয়; এটি বিশ্বকে জানার জানালা, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সেতু এবং সমাজের নানা বাস্তবতা তুলে ধরার শক্তিশালী মাধ্যম। প্রযুক্তি বদলাবে, সম্প্রচারের ধরন বদলাবে, দর্শকের অভ্যাসও বদলাবে; কিন্তু সত্য ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন কখনো ফুরাবে না। সেই প্রয়োজন পূরণে দায়িত্বশীল টেলিভিশন গণমাধ্যমের গুরুত্ব ভবিষ্যতেও অটুট থাকবে।

লেখক: সাবেক শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Ads small one

জননী সাহসিকা: কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
জননী সাহসিকা: কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

তারিক ইসলাম

বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন ও মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সী নারী চিরস্মরণীয় হয়ে আছেন, কবি বেগম সুফিয়া কামাল তাঁদের অন্যতম। একদিকে তিনি ছিলেন সংবেদনশীল কবি, অন্যদিকে অন্যায়, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী কণ্ঠ। তাঁর জীবন ও কর্ম কেবল সাহিত্যিক মূল্যেই সীমাবদ্ধ নয়; বরং তা বাঙালির আত্মপরিচয়, মুক্তিসংগ্রাম এবং নারীর অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। সে সময় বাঙালি মুসলিম সমাজে নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। অন্দরমহলের কঠোর পর্দাপ্রথা ও সামাজিক বিধিনিষেধের মধ্যেও তিনি নিজের চেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্যচর্চা করেন। মায়ের অনুপ্রেরণা এবং পরবর্তী সময়ে বেগম রোকেয়া ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও চিন্তাধারা তাঁর মানসজগৎ নির্মাণে গভীর প্রভাব ফেলে। ১৯৩৮ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ বাংলা সাহিত্যে তাঁকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’ ও ‘উদাত্ত পৃথিবী’র মতো কাব্যগ্রন্থে তিনি প্রকৃতি, প্রেম, মানবতা ও জীবনবোধের নানা দিক তুলে ধরেন।

তবে সুফিয়া কামাল কেবল কবিতার জগতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। দেশ, জাতি ও মানুষের অধিকার যখন সংকটে পড়েছে, তখন তিনি সাহিত্যচর্চার পাশাপাশি প্রতিবাদ ও আন্দোলনে সক্রিয় হয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর অংশগ্রহণ এবং নারীদের সংগঠিত করার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৬১ সালে পাকিস্তানি শাসকদের বাধা উপেক্ষা করে রবীন্দ্রজন্মশতবার্ষিকী উদ্যাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর এসব উদ্যোগ ছিল বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ।

বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনেও সুফিয়া কামালের অবদান স্মরণীয়। নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীদের সংগঠিত করার লক্ষ্যে তিনি ১৯৭০ সালে বাংলাদেশ মহিলা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাত্তরের অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় অবস্থান করেও মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশেও সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা অব্যাহত ছিল। বয়সের ভার তাঁকে কখনো আন্দোলন থেকে সরিয়ে রাখতে পারেনি। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্বে বের হওয়া নীরব মিছিল গণতন্ত্র ও প্রতিবাদের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন অবস্থানের জন্য জাতি তাঁকে ভালোবেসে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করেছে।

সুফিয়া কামাল আমৃত্যু নারীর সমঅধিকার, গণতন্ত্র, মানবিকতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর সাহিত্য ও সমাজকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

১৯৯৯ সালের ২০ নভেম্বর এই মহীয়সী নারী পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তাঁর সাহিত্য, আদর্শ ও সংগ্রামী জীবন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। বর্তমান সময়ে যখন সমাজে অসহিষ্ণুতা, বৈষম্য ও নারীর প্রতি অবিচার নানা রূপে ফিরে আসছে, তখন সুফিয়া কামালের জীবনাদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং অধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকা মানুষের নৈতিক দায়িত্ব।

নতুন প্রজন্মের কাছে সুফিয়া কামালের সাহিত্য, জীবন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে। কারণ তিনি শুধু একজন কবি নন, তিনি সাহস, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদের এক অনন্য প্রতীক।

দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে

ন্যাশনাল ডেস্ক: দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। শুক্রবার সকাল ৬টায় এটি ঘূর্ণিঝড় আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাস পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছিল। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

ন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হিসেবে জন্মদিন পালন করছেন। তবে জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন বা উদযাপন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

দলীয় সূত্র জানায়, নিজের জন্মদিন ঘিরে কোনো উৎসব বা আনুষ্ঠানিকতা চান না তারেক রহমান। এ বিষয়ে দলীয় নেতাদেরও তাঁর মনোভাব জানানো হয়েছে। তবে বিএনপি চেয়ারম্যানের জন্মদিন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

দিনটি উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয় কর্মসূচি হাতে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে বই উৎসবের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচি নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সামাজিক কর্মসূচি ও দোয়া মাহফিল আয়োজন করছেন।

১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। তবে এর আগে থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মা খালেদা জিয়ার সঙ্গে দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি প্রচারণা চালান তিনি।

২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। এরপর দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন তৃণমূল সভায় অংশ নিয়ে সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখান থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল ও ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বর্তমানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর বিভিন্ন উদ্যোগ, সাদামাটা জীবনযাপন ও কর্মতৎপরতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। তাঁদের মতে, তাঁর কর্মকাণ্ড দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করছে।