ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসে আগুন, জ্বলছে তিন সপ্তাহ ধরে
কক্সবাজার থেকে ফিরে জিএম আমিনুল হক: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর থেকে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে এই আগুন।
উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন এলাকায় মোহাম্মদ আবদুল্লাহর বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ পৌঁছানোর পর হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং তাতে আগুন ধরে যায়। এরপর থেকে অবিরাম গ্যাস নির্গত হচ্ছে এবং আগুন জ্বলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও পেট্রোবাংলার বিশেষজ্ঞরা। তাঁদের প্রাথমিক ধারণা, এটি থার্মোজেনিক গ্যাস। আগুনের শিখার রং দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট মিশে থাকার সম্ভাবনাও দেখছেন তাঁরা।
গ্যাসের উৎস ও মজুত সম্পর্কে নিশ্চিত হতে ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সেখানে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের চলাচল ও অবস্থান নিষিদ্ধ করেছে। পাশাপাশি মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বাপেক্স ভারী যন্ত্রপাতি ও পাইপ নিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। দেশে বর্তমানে ৩০টি গ্যাসক্ষেত্র রয়েছে। ইনানীতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত নিশ্চিত হলে এটি হবে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।












