তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকের নতুন স্বপ্ন
এম এম জামান মনি, পাটকেলঘাটা: জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও মিঠাপানির সংকটের মধ্যেও সাতক্ষীরার তালা উপজেলায় ঘেরের অনাবাদি পাড়ে অসময়ের তরমুজ চাষে সাফল্য পাচ্ছেন কৃষকেরা। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও কৃষি বিভাগের পরামর্শে ঘেরের পাড় এখন তরমুজসহ বিভিন্ন সবজি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। এতে বাড়ছে কৃষকের আয়, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলায় প্রায় ১৪১ হেক্টর জমিতে অসময়ের তরমুজ চাষ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় প্রায় ৬৫ হেক্টর বেশি।
তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ঘুরে দেখা গেছে, ঘেরের পাড়ে মাচা তৈরি করে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তাঁদের ভাষ্য, চৈত্র-বৈশাখ মাসে কোনো কোনো এলাকায় পানির লবণাক্ততা ১২ থেকে ১৫ পিপিটি পর্যন্ত পৌঁছায়। ফলে প্রচলিত পদ্ধতিতে ফসল উৎপাদন কঠিন হয়ে পড়ে। তবে উন্নত জাতের বীজ ও আধুনিক পরিচর্যা পদ্ধতি ব্যবহার করে ঘেরের পাড়েই ভালো ফলন পাওয়া যাচ্ছে।
কৃষক নিরঞ্জন জানান, একসময় লোনা পানির ঘেরের পাড়ে ফসল ফলানো সম্ভব বলে তাঁরা ভাবতেন না। কৃষি কর্মকর্তাদের পরামর্শে উন্নত বীজ ও পরিচর্যা পদ্ধতি অনুসরণ করে তরমুজের পাশাপাশি করলা, বরবটি ও ঢেঁড়স চাষেও ভালো ফলন পেয়েছেন।
আরেক কৃষক কৃষ্ণ মণ্ডল মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে তরমুজ আবাদ করে ইতোমধ্যে প্রায় এক লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। জমিতে থাকা ফসল থেকে আরও দেড় লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।
কৃষি কর্মকর্তাদের হিসাবে, সমতল জমিতে এক বিঘা তরমুজ চাষে খরচ হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। বাজারদর ভালো থাকলে ওই জমির তরমুজ বিক্রি হতে পারে দেড় থেকে দুই লাখ টাকায়। এলাকায় সুপ্রিম হানি, ব্ল্যাক বেবি, তৃপ্তি, সুগারকুইন ও বাংলা লিংকসহ বিভিন্ন জাতের তরমুজ চাষ হচ্ছে।
এই চাষাবাদে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। চারা রোপণ, মাচা তৈরি ও ফল সংগ্রহসহ বিভিন্ন কাজে তাঁরা যুক্ত রয়েছেন। পাশাপাশি ঘেরের পাড়ে তরমুজ চাষ সম্প্রসারিত হওয়ায় স্থানীয় দিনমজুরদের নিয়মিত কাজের সুযোগ তৈরি হয়েছে। একজন শ্রমিক জানান, বর্তমানে দৈনিক প্রায় ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন তিনি।
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নেও ছড়িয়ে পড়েছে অসময়ের তরমুজ চাষ। বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, পিকেএসএফের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের আওতায় ২১ জন কৃষক ২৮ বিঘা জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ জানান, তিনি সম্প্রতি তালায় যোগদান করেছেন। তবে তাঁর জানা মতে, ২০২০ সাল থেকে উপজেলায় পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ শুরু হয়। ধানদিয়া, নগরঘাটা, সেনেরগাতি, ভৈরবনগর, কুমিরা, বগা, তেঁতুলিয়া ও ভায়ড়া গ্রামের কৃষকেরা মালচিং পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ২০২০ সাল থেকে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রীষ্মকালীন তরমুজ চাষ সম্প্রসারণে কাজ করা হচ্ছে। তবে এ চাষে সাফল্যের পাশাপাশি অনিয়মিত বৃষ্টিপাত ও আকস্মিক আবহাওয়া পরিবর্তনের ঝুঁকিও রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় টেকসই সেচব্যবস্থা ও বৈজ্ঞানিক পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
লবণাক্ত উপকূলের অনাবাদি ঘেরের পাড়কে কৃষি উৎপাদনের আওতায় এনে তালার কৃষকেরা নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন। তাঁদের এ উদ্যোগ একদিকে যেমন বাড়তি আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি গড়ে তোলার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।









