আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় মেলা উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আশাশুনিতে তিন দিনব্যাপী মেলা ও কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। স্বাগত বক্তব্য দেন ডা. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শিক্ষক মাজহারুল ইসলাম, মুহিত কুমার দাশ ও আশরাফ ফাউন্ডেশনের পরিচালক এম. রাসেল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান ও আফতাবুজ্জামান।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের করুণা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা করে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাঁদের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিন দিনব্যাপী এ মেলায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার, সক্ষমতা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে।








