তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা, চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব।
সভায় বক্তব্য দেন পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন, তালা থানার ওসি আব্দুল আলীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।
এ ছাড়া তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংবাদিক আকবার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি, জুয়া ও মাদক নিয়ন্ত্রণ, সরকারি গাছ কাটা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন এবং রাতে নিরাপত্তাকর্মী নেই এমন সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি ও ধূমপান বন্ধ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোটরসাইকেল ও মোবাইল ফোন আনা নিয়ন্ত্রণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসনের সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।












