তালায় গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, মায়ের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আশা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালানোর অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই হত্যাকা-ের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা রোজিনা খাতুন।
রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কলারোয়ার রাজপুর গ্রামের রোজিনা খাতুনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ভাই আকবর আলী।
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের শেষের দিকে তালা উপজেলার আলাদীপুর গ্রামের রিয়াদ খাঁর (২৩) সঙ্গে আশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোটরসাইকেলসহ যৌতুকের দাবিতে আশার ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি গৃহবধূর মৃত্যুর খবর আসে। শ্বশুরবাড়ির কেউ খবর না দিলেও স্বজনেরা পুলিশ ও স্থানীয় এক সমবায় কর্মকর্তার কারণে তড়িঘড়ি করে অপমৃত্যু মামলা রেকর্ড হতে দেখেন। আসামিরা হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায় এবং থানা-পুলিশ জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয় বলে অভিযোগ করা হয়।
নিহতের পরিবারের দাবি, রিয়াদের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় আশাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে থানা মামলা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন তাঁরা। আদালত থানা-পুলিশের কাছে প্রতিবেদন চাইলে দীর্ঘ ৫ মাস পর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে আদালত মামলাটি জেলা ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। সংবাদ সম্মেলনে সন্তানহারা মা এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।









