তালায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা
তালা প্রতিনিধি: গ্রামের সাধারণ মানুষের সেবা প্রাপ্তির সুযোগ ও মান উন্নয়নের লক্ষ্যে তালা উপজেলায় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে ‘সমতার জন্য লড়ি (সজল)’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহায়তায় ভূমিজ ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
সভায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উপায় নিয়ে আলোচনা করা হয়। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার মোখলেছুর রহমান, উত্তরণের প্রতিনিধি রেজাউল করিম এবং স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মীরা।












