আশুরার দিনে কেঁপে উঠলো পাকিস্তান
আশুরার দিনে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় ৫.১ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কোহলু ছাড়াও ঝোব, বারখান এবং রাখনি জেলাতেও এই ভূকম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।
পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোহলু জেলা থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।
ঝোপ, বারখান এবং রাখনি জেলার বাসিন্দারা জানান, কম্পনের সময় চারপাশ কেঁপে উঠলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে দুপুরের দিকেও কোহলু এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে লাহোর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় আতঙ্কে সাধারণ মানুষ ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় এবং রাস্তায় নেমে এসেছিল।









