তালা শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে: মূল তিন পদে দ্বিমুখী লড়াই
তালা প্রতিনিধি: তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় শিক্ষাঙ্গন। আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সংগঠনের শীর্ষ তিন পদÑসভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে হতে যাচ্ছে দ্বিমুখী লড়াই। প্রার্থীদের প্রচার-প্রচারণা আর ভোটারদের সমীকরণে পুরো উপজেলায় এখন নির্বাচনী আমেজ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৬ মে তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে। সভাপতি পদে লড়ছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার। দুজনই অভিজ্ঞ এবং শিক্ষক সমাজে পরিচিত মুখ।
সাধারণ সম্পাদক পদে একই প্রতিষ্ঠানের (কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়) দুই সহকর্মী মুখোমুখি হয়েছেন। বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহাঙ্গীর হোসেন।
কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাশ (খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট স্কুল) ও ফিরোজ কবির (ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়) এই পদের জন্য লড়ছেন।
নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন স্কুল পরিদর্শনে। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
সভাপতি প্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, “শিক্ষকদের ন্যায্য অধিকার ও পেশাগত মান উন্নয়নই আমার মূল লক্ষ্য।” অন্যদিকে জগদীশ কুমার হালদারের অঙ্গীকার, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীবুদ্দৌলা তার অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চান, আর জাহাঙ্গীর হোসেন চান তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে।
উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, শিক্ষকদের বসার ঘরে এখন আলোচনার মূল বিষয় এই নির্বাচন। সাধারণ শিক্ষকরা বলছেন, যারা বিপদে-আপদে শিক্ষকদের পাশে থাকবেন এবং পেশাগত মর্যাদা রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবেন, তাদেরই তারা নির্বাচিত করবেন। এখন দেখার বিষয়, ১৬ মে তালা উপজেলার ৮০০ শিক্ষক প্রতিনিধি তাদের নেতৃত্বের চাবিকাঠি কার হাতে তুলে দেন।






