সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, দুইজন খালাস
বদিউজ্জামান: যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার মামলায় দুইজন আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা কুখরালী কারিগরপাড়া কালানিপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) এবং সাতক্ষীরার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩)।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ের তথ্য অনুযায়ী, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জন আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ের যাবতীয় নথি অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।
অন্যদিকে, একই মামলার আসামি মো. আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) এবং স্ত্রী ছবিরণ খাতুন (৫৫) কে সংশ্লিষ্ট ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।






