মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

তাহসিফের মৃত্যু: দুই গ্রেফতারে তদন্তে নতুন মোড়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
তাহসিফের মৃত্যু: দুই গ্রেফতারে তদন্তে নতুন মোড়

উত্তরার একটি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল তিনজনের একসঙ্গে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার দৃশ্য। তাদের একজন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। অন্য দুজন তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং তার কথিত এক বান্ধবী। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। পরদিন বিকালে তুরাগ নদে পাওয়া যায় তাহসিফের মরদেহ।

কয়েক দিনের ব্যবধানে দীপের পর শনিবার রাতে সেই তরুণীকেও গ্রেফতার করেছে নৌপুলিশ। দুজনই এখন চার দিনের রিমান্ডে। কিন্তু শেষ রাতে তাহসিফ কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কারা তার সঙ্গে ছিলেন এবং কীভাবে তার মৃত্যু হলো— এসব প্রশ্নের জবাব জানতে চাইলে নৌপুলিশের কর্মকর্তারা বলছেন, তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তবে তদন্তে উঠে আসা নতুন তথ্য, সিসিটিভি ফুটেজ ও সন্দেহভাজনদের বক্তব্যের অসংগতি ঘিরে ক্রমেই জটিল হচ্ছে মৃত্যুরহস্য। দীপের দাবি, পুলিশের মতো দেখতে দুজনকে দেখে তারা দৌড় দিয়েছিলেন। এরমধ্যে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন, আর তিনি পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। আর গ্রেফতার তরুণীর দাবি, ঘটনার আগেই তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, একদিকে ঘটনার প্রত্যক্ষ বিবরণ দেওয়া দীপের বক্তব্যের সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের গরমিল, অন্যদিকে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া তরুণীর উপস্থিতির বিষয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। নৌপুলিশ বলছে, তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে সেসব তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ বা দায়ীদের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

তরুণীর গ্রেফতারে তদন্তে নতুন মাত্রা

তদন্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে সেই তরুণীকে (১৯) গ্রেফতারের মধ্য দিয়ে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত প্রায় ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে নৌপুলিশ। রবিবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দীপকেও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার আগে তাহসিফের সঙ্গে গ্রেফতার তরুণীর চলাফেরার তথ্য পাওয়া গেছে। তাদের উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার পাশাপাশি সিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং একটি মোটরসাইকেল গ্যারেজে অবস্থানের তথ্যও তদন্তে এসেছে। তাহসিফের মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে সেই তরুণীর সঙ্গে একাধিকবার ফোনে কথা হওয়ার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

তদন্ত কর্মকর্তা আবেদনে তরুণীকে জিজ্ঞাসাবাদের ছয়টি কারণ তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে মৃত্যুরহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত, আলামত উদ্ধার, সম্ভাব্য ঘটনাস্থল নির্ধারণ এবং সেই তরুণী ও দীপের বক্তব্যের মিল অমিল যাচাই। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে তরুণীর সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন গ্রেফতার তরুণীর আইনজীবী শাহরিয়ার রহমান সিহাব। তার দাবি, ঘটনার রাতে প্রায় ১২টার দিকে ওই তরুণীকে বাসায় নামিয়ে দেওয়া হয়েছিল। এরপরও তাহসিফ তার মাকে বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় তাহসিফ তখন জীবিত ছিলেন বলে যুক্তি দেন আইনজীবী। কেবল রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে উপস্থিতির ভিত্তিতে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি আরও যাচাই করা প্রয়োজন বলেও আদালতে তুলে ধরেন তিনি। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তে সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের গ্যারেজে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন দীপ। কিছুক্ষণ পর তাহসিফ নিচে নামেন। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে পৃথক দুটি মোটরসাইকেলে তাদের বেরিয়ে যেতে দেখা যায়।

এরপর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফের উপস্থিতির তথ্য পাওয়া যায়। সিসিটিভি ফুটেজের বর্ণনা অনুযায়ী, তার সঙ্গে ছিলেন গ্রেফতার তরুণী। পরে পৃথক মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। রাত ১১টা ৫১ মিনিটে তিনজনকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গ্রেফতার তরুণীকে বাসায় পৌঁছে দেওয়ার পর তাহসিফ ও দীপ টঙ্গীর দিকে যান। বিশেষ করে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছানোর আগে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা এবং ওই এলাকায় যাওয়ার উদ্দেশ্য কী ছিল, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

দীপের বক্তব্যে অসংগতি

তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে দীপের পরস্পরবিরোধী বক্তব্য। ঘটনার পর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, উত্তরার একটি রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার পর হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হন। এরপর তাহসিফ কোথায় গিয়েছিলেন, তা তার জানা নেই। কিন্তু পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ জানান ভিন্ন তথ্য। তার এই বক্তব্য অনুযায়ী, মধ্যরাতের পর তিনি তাহসিফের সঙ্গে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে পুলিশের মতো দেখতে দুজনসহ কয়েকজন ব্যক্তিকে দেখে তারা দৌড় দেন। একপর্যায়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ। অন্যদিকে তিনি নদীর তীরের একটি স্থানে আত্মগোপন করেছিলেন।

তবে দীপের এই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান আগেই জানিয়েছেন, দীপ যাদের পুলিশের সদস্য বলে দাবি করেছেন, তারা আদৌ পুলিশ ছিলেন কিনা, তা যাচাই করা হচ্ছে। তার দেওয়া তথ্যের প্রতিটি বিষয় আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

রাত ১টা ৩৫ মিনিটের ‘ভয়েস বার্তা’ গুরুত্বপূর্ণ

তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে তাহসিফের মায়ের কাছে পাঠানো শেষ ভয়েস বার্তাটি। পরিবারের করা মামলার এজাহার অনুযায়ী, রাতে ছেলে বাসায় না ফেরায় মা বারবার যোগাযোগের চেষ্টা করেন। পরে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা আসে। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’।

তদন্তে বার্তাটির ডিজিটাল তথ্য, তাহসিফের মোবাইল ফোনের অবস্থানসংক্রান্ত রেকর্ড এবং সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বার্তাটি কখন রেকর্ড করা হয়েছিল এবং কখন পাঠানো হয়েছিল, তা নিশ্চিত হলে শেষ রাতের ঘটনাপ্রবাহ আরও স্পষ্ট হতে পারে।

মোটরসাইকেল উদ্ধার, ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষা

তদন্তে আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সামনে এসেছে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার টঙ্গীর মাজার বস্তি ও নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা। সেখান থেকে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির সঙ্গে তাহসিফের মৃত্যুর ঘটনার সম্পর্ক, সেটি সর্বশেষ কে ব্যবহার করেছিলেন এবং ঘটনাস্থলে কীভাবে পৌঁছেছিল, সেসব বিষয় যাচাই করা হচ্ছে।

এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদনে বাহ্যিকভাবে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য রয়েছে। তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব পরীক্ষার ফলাফল পাওয়ার পর পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন তার বাবা। মামলাটির তদন্ত করছে নৌপুলিশ। পাশাপাশি শুরুতে পিবিআইয়ের সংগ্রহ করা তথ্য ও আলামতও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, তাহসিফ সৌরির মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সবদিক মাথায় রেখেই তদন্ত চলছে। তদন্তের এই পর্যায়ে কিছু বলা ঠিক হবে না। তদন্তে দৃশ্যমান অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।

Ads small one

বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।

অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

জিপি অসীম, পিপি সাত্তার, বিশেষ পিপি ভুট্টো, আকবর ও আশরাফ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে নতুন করে সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ অধীনস্থ আদালতগুলোতে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং লিগ্যাল রিমেমব্রান্সার্স ম্যানুয়াল, ১৯৬০-এর বিধান অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন অসীম কুমার মণ্ডল এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন শেখ আব্দুস সাত্তার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে কামরুজ্জামান (ভুট্টো) ও অতিরিক্ত পিপি শাহানা ইমরোজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে আকবার আলী ও অতিরিক্ত পিপি ফেরদৌসী আরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে শেখ আলমগীর আশরাফ নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে হাসনাত মুনির, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে শামীমা পারভীন (মিঠু) ও জি. এম. ফিরোজ আহমেদ।

দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন তোজাম্মেল হোসেন তোজাম, গোলাম গণি (দুদু), মোস্তফা জামান, মো. সাইফুল আলম (সরদার সাইফ), এ. বি. এম. ইমরান (শাওন), মো. আলতাফ হোসেন, শেখ আবু সাইদ রাজা, মিজানুর রহমান বাপ্পী, মো. জালাল উদ্দীন (২), মো. আব্দুল জলিল (৩), মো. মহিতুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আশাফ উদদৌলা (সুমন), রবিউল ইসলাম, সৈয়দ রেজোয়ান আলী, আসাদুর রহমান বাবু, এস. এম. সালাউদ্দীন, মো. শাহিনুজ্জামান (শাহীন), শেখ ই. জে. এস. হাসীব, এ. বি. এম. আনিসুজ্জামান (আনিস), এ. বি. এম. সেলিম ও আরিফুর রহমান আলো।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল মালেক, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, মো. এবাদুল হক ও অগ্রদূত দেবনাথ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম, তারিক ইকবাল অপু, উম্মে হাবিবা রূপা, ফাতিমা ফারজানা ফেরদৌসী, শফিকুল ইসলাম (৩), শেখ জাহিদুর রহমান, মো. আবুল হাসান, আলহাজ এস. এম. ইব্রাহিম, শেখ আমিনুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম খোকন, মো. খোরশেদ আলম ডালিম, মো. আজাদ আলী, জাকারিয়া আহমদ, মো. সোহরাব হুসাইন, মো. জিয়াউর রহমান, শেখ আব্দুস সাত্তার (২), এস. এম. আজিজুল হক, মো. আব্দুস সালাম, মো. আকরাম আলী, শেখ মাহমুদুল হাসান জিকো ও মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

দেশে চলমান নাশকতাকারীদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করারও নির্দেশ দেন তিনি।

গত তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সদর দফতরের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতেও একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ সদর দফতরের দুজন কর্মকর্তা ও একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তারা জানান, আইজিপি নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে গুরুত্ব দিয়েছেন। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার নিশ্চিত করতে বলেছেন তিনি। নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশের অভিযানের শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা দিয়েছেন।

একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাশকতার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে।