রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছর বাড়লো এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তিন বছর বাড়লো এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে। বাড়তি এই সময়ে রফতানিতে বাণিজ্য সুবিধা ধরে রাখা, অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা, বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা শক্তিশালী করার সুযোগ পাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে উরুগুয়ে প্রস্তাবটি উত্থাপন করে। এর মধ্য দিয়ে এলডিসি উত্তরণের জন্য নির্ধারিত পাঁচ বছরের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর বাংলাদেশের আবেদন অনুমোদন পেলো।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সরবরাহে ঝুঁকি, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাংলাদেশ এই সময় বাড়ানোর আবেদন করেছিল। সরকারের লক্ষ্য, বাড়তি সময় কাজে লাগিয়ে অর্থনীতির সক্ষমতা বাড়ানো এবং এলডিসি-পরবর্তী বাস্তবতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা।

এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। তবে একে স্বস্তির অবকাশ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এই অতিরিক্ত সময়কে অর্থনীতির দুর্বলতা কাটিয়ে ওঠা এবং এলডিসি উত্তরণকে টেকসই করার প্রস্তুতি জোরদারে কাজে লাগাতে হবে। এ জন্য প্রথমেই একটি বাস্তবসম্মত ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, কোন প্রতিষ্ঠান এর দায়িত্বে থাকবে এবং অগ্রগতি কীভাবে মূল্যায়ন করা হবে—তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা জরুরি। রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায়, ব্যবসার ব্যয় কমানো এবং জ্বালানি ও অবকাঠামো সুবিধার নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।’

একই সঙ্গে রফতানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান উন্নয়নেরও তাগিদ দেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘শ্রম অধিকার ও পরিবেশগত মানদণ্ড পূরণেও রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে হবে। বাংলাদেশের প্রধান রফতানি বাজারগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে বিদ্যমান শুল্কসুবিধা ও সহজ শর্তে বাজারে প্রবেশের সুযোগ যতটা সম্ভব ধরে রাখার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও অর্থায়নে সহায়তা দেওয়া প্রয়োজন।’

ফাহমিদা খাতুন বলেন, ‘এই সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ ছাড়া এ লক্ষ্য অর্জন কঠিন। সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ করতে হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়লে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘মূল লক্ষ্য হওয়া উচিত শুধু এলডিসি উত্তরণের সময় পিছিয়ে দেওয়া নয়; বরং এমন অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলা, যাতে উত্তরণের পর বাংলাদেশের কর্মসংস্থান, রফতানি প্রবৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত না হয়।’

কেন বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ২০২১ সালে জাতিসংঘের নির্ধারিত এলডিসি উত্তরণের তিনটি সূচকেই প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে। সে অনুযায়ী, পাঁচ বছরের প্রস্তুতিকাল শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর দেশটির এলডিসি থেকে উত্তরণের কথা ছিল।

তবে প্রস্তুতিকালে কোভিড-১৯ মহামারির প্রভাব, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, ভূ-রাজনৈতিক সংঘাত, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। একই সঙ্গে ব্যাংক খাতের দুর্বলতা, রাজস্ব আদায়ে সীমাবদ্ধতা, বিনিয়োগে ধীরগতি ও রফতানিতে সীমিত পণ্যের ওপর নির্ভরশীলতা বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি) বাংলাদেশের আবেদন বিবেচনা করে প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে ইতিবাচক অবস্থান নেয়। তবে কমিটি শর্ত দিয়েছে, বাড়তি সময়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। পরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদও (ইকোসক) প্রস্তাবটি সাধারণ পরিষদে বিবেচনার সুপারিশ করে।

রফতানি বাণিজ্যে বড় চ্যালেঞ্জ

এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বিশেষ বাণিজ্যসুবিধা ধরে রাখা। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বাজারে বাংলাদেশ এলডিসি হিসেবে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পেয়ে থাকে। উত্তরণের পর এসব সুবিধার কিছু অংশ হারানোর ঝুঁকি রয়েছে। তবে কোন বাজারে কতদিন এবং কী শর্তে সুবিধা পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট দেশের বাণিজ্যনীতি ও চুক্তির ওপর নির্ভর করবে।

বাংলাদেশের মোট রফতানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে প্রধান রফতানি বাজারে শুল্ক বেড়ে গেলে দেশের পণ্যের দাম বাড়তে পারে এবং প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রফতানিকারকেরা পিছিয়ে পড়তে পারেন।

এ পরিস্থিতি মোকাবিলায় রফতানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজার খোঁজা, উৎপাদন ব্যয় কমানো এবং স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম, পণ্যের উৎস সংক্রান্ত শর্ত এবং শ্রম ও পরিবেশ বিষয়ক মানদণ্ড পূরণে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে হবে।

বাণিজ্য চুক্তিতে জোর দেবে সরকার

এলডিসি উত্তরণের পরও বিদেশি বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে ১০টি দেশের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) অথবা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ আলোচনার প্রস্তুতিও চলছে। একই সঙ্গে ইইউর বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে। আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসেপ) চুক্তিতে যুক্ত হওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। তবে বাণিজ্য চুক্তি সম্পন্ন করাই যথেষ্ট নয়। এসব চুক্তির সুবিধা কাজে লাগাতে হলে দেশের শিল্প খাতের উৎপাদনশীলতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

ব্যবসা সহজ করা ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ

এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে ব্যবসা শুরুর জটিলতা কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভাষ্য অনুযায়ী, ট্রেড লাইসেন্স নেওয়া থেকে শুরু করে আমদানি নিবন্ধন সনদ সংগ্রহ এবং যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় গড়ে ৩৫৫ দিন লেগে যায়। এত দীর্ঘসূত্রতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে।

এ পরিস্থিতি বদলাতে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের (আরজেএসসি) সেবা পুরোপুরি অনলাইনে আনা, লাইসেন্সের মেয়াদ বাড়ানো এবং বিভিন্ন সংস্থার পরিদর্শন সমন্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়ানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগ কার্যকর হলে উৎপাদন ব্যয় কমানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণ সহজ হতে পারে।

বাড়তি সময় কাজে লাগানোই বড় পরীক্ষা

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর ফলে বাংলাদেশ অর্থনীতির দুর্বলতা কাটিয়ে ওঠা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য অতিরিক্ত সময় পাবে। তবে এই সময়কে শুধু উত্তরণ পিছিয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখলে চলবে না। বরং প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের সময় হিসেবে কাজে লাগাতে হবে।

অর্থনীতিবিদদের মতে, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, করের আওতা বাড়ানো, রাজস্ব আহরণ জোরদার, রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যবসার ব্যয় কমানো এখন গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও জবাবদিহি বাড়ানোও প্রয়োজন।

সব মিলিয়ে, এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। তবে এর সুফল নির্ভর করবে এই সময়ে কতটা কার্যকর সংস্কার বাস্তবায়ন করা যায় তার ওপর। ২০২৯ সালের মধ্যে অর্থনীতির সক্ষমতা বাড়াতে পারলে উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চাপ মোকাবিলা সহজ হবে। অন্যথায়, বাড়তি সময় পেয়েও রফতানি, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশিত অগ্রগতি অর্জন কঠিন হয়ে পড়তে পারে।

এ বিষয়ে বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে শুধু সময় বাড়লেই হবে না, এই সময়ের মধ্যে তৈরি পোশাকসহ রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উৎপাদন ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বন্দরের দক্ষতা বাড়ানো এবং ব্যবসা পরিচালনার জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিতে হবে।’’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের প্রধান রফতানি বাজারগুলোতে বাণিজ্যসুবিধা ধরে রাখতে দ্রুত মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন। একইসঙ্গে নতুন বাজার তৈরি, রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক শ্রম ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে হবে। বাড়তি সময়কে কাজে লাগিয়ে এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা গেলে এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান ধরে রাখা সহজ হবে।’

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।