মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

তেল সংকট ও কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্তে বিজিবির ব্যাপক তৎপরতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
তেল সংকট ও কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্তে বিজিবির ব্যাপক তৎপরতা

পত্রদূত রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিটের ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৪৬৪টি টহল পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও পবিত্র ঈদ-উল-আজহা (কোরবানি ঈদ) উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য পশু চোরাচালান রোধ এবং সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তীসহ অন্যান্য এলাকায় গৃহীত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, দায়িত্বপূর্ণ বেনাপোল, ভোমরা এবং দর্শনা স্থলবন্দর এলাকায় আমদানি-রপ্তানির যানবাহনে বিগত ২৪ ঘন্টায় ১৩টি বিশেষ নজরদারী তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় স্থল বন্দর ও সীমান্তবর্তী ২২টি তেল পাম্প এ নিয়মিত নজরদারী, বিশেষ চেকিং এবং শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য ভোজ্য ও জ্বালানি তেল চোরাচালানের রুট চিহ্নিত করতঃ সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ এ যাবত ২৬৮১ টি নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হয়েছে। এসময় সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য তেল চোরাচালানের রুটে এ যাবত ৯৮৪টি বিশেষ চেকপোষ্ট পরিচালনা করা হয়েছে এবং জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে স্থানীয়দের মধ্যে এ যাবত ৯৭৬টি বিশেষ জনসচেতনতামূলক মত বিনিময় সভা পরিচালনা করা হয়েছে।
বিজিবি জানায়, জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং শুল্ক বিভাগের সাথে সমন্বয় করে ৪৩টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং কয়েকজন তেল ব্যবসায়ী ডিলারকে ৬২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে এবং তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে এ যাবত ৬৭টি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী জনগণের মাঝে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি মহাপরিচালকের ভিশন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ; তাই সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

Ads small one

একটি তাজা প্রাণ হারিয়ে গেল-মৃত্যুর দায়ভার কার?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
একটি তাজা প্রাণ হারিয়ে গেল-মৃত্যুর দায়ভার কার?

এমএ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় এক হৃদয়বিদারক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের মৃত্যু ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে কারও দায় রয়েছে কি নাÑতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার মধ্যরাতে মরিয়ম বেগমের মরদেহ গাবুরায় তাঁর নিজ বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়িতে ভিড় করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একটি তাজা প্রাণ অকালে ঝরে গেলÑকিন্তু এই মৃত্যুর নেপথ্যে কী ঘটেছিল, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের কেউ কেউ মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের বাস্তবতা স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া যেকোনো অভিযোগ যাচাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।
পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কী বলা হয়েছে, চিকিৎসা-সংক্রান্ত কোনো নথি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি কীভাবে দেখছেÑএসব তথ্য নিশ্চিত হওয়া প্রয়োজন।
মরিয়ম বেগমের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত, চিকিৎসা প্রতিবেদন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তদন্তে যদি কোনো অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উদ্বিগ্ন স্থানীয়দের প্রশ্ন, এই মৃত্যুর প্রকৃত কারণ কী এবং কেউ দায়ী থাকলে সেই দায়ভার কে নেবে? তবে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে নিরপেক্ষ তদন্ত ও তথ্য-প্রমাণের ওপর।
এদিকে মরিয়ম বেগমের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। উপস্থিত গুণগ্রাহীরা তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

আরিফ মাহমুদ: কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিভিন্ন ইউনিয়নের মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের অংশগ্রহণে এ সেমিনারে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও বৈচিত্র্যকরণ, নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন এবং ইউনিয়ন পুষ্টি কমিটি সক্রিয়করণসহ নানান বিষয়ে আলোকপাত করা হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) প্রকল্পের অধীনে ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝাউডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
ঝাউডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
নিহত সোহরাব হোসেন ভুট্টো কলারোয়া উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তুজলপুর মাঠ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় ব্যক্তিদের দাবি, সোহরাব এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।