দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বিদ্যালয়টি থেকে মোট ১৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০৪ জন এবং ছাত্রী ৬৬ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, প্রভাষক সিদ্দিকুর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য চিত্তরঞ্জন পাল। শিক্ষক তপন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক কওছার আলী ও চিকিৎসক মনিরুজ্জামান মনিও বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, সিনিয়র ক্রীড়া শিক্ষক রফিক-উল-ইসলাম খান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান ও হাসানুজ্জামান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে তামিম আজমাইন ও সাবিহা শারমিন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ইমামা খাতুন তাদের অনুভূতি প্রকাশ করে। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।









