দেবহাটার কৃতী শিক্ষার্থী মেহেদী হাসানের যৌথ গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারের জন্য মনোনীত
কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা সরকারি বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের এসএসসি ২০২০ ব্যাচের কৃতী শিক্ষার্থী মেহেদী হাসানের একটি যৌথ গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত হয়েছে। মেহেদী হাসান বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
টেকসই উন্নয়নের লক্ষ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সাম্প্রতিক উদ্ভাবন নিয়ে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ খ্রী. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপনের জন্য মনোনীত করা হয়েছে। তিনজনের যৌথভাবে প্রস্তুত করা গবেষণাপত্রটি কংক্রিটের কর্মক্ষমতা উন্নতকরণে সূক্ষ্ম সমষ্টির ভিন্নতার প্রভাবের বিষয় উপস্থাপন করা হয়েছে।
ইতোমধ্যে জেআইসিএসডি-২০২৭ কমিটির সেক্রেটারি ড. মুহাম্মদ মনোয়ার হোসেন গবেষণাপত্রটি সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত হওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছেন।
গবেষণাটিতে কংক্রিট তৈরিতে ব্যবহৃত বালি বা মিহি অ্যাগ্রিগেটের আকার, আকৃতি ও পরিমাণের তারতম্য কংক্রিটের গুণগত মান ও কর্মক্ষমতার ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করা হয়েছে। পাশাপাশি কংক্রিটের উন্নত বন্ধন, পানি প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ফাটল কমানোর ক্ষেত্রে মিহি অ্যাগ্রিগেটের ভূমিকার বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে।
মেহেদী হাসান দেবহাটা সরকারি বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও মিসেস মুরশিদা পারভীনের ছেলে। তাঁর এই গবেষণাভিত্তিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, মেহেদী হাসানের এই অর্জন দেবহাটার জন্য গর্বের বিষয়। তাঁরা তাঁর গবেষণাক্ষেত্রে আরও সাফল্য এবং ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন।












